হাইমচরে ডেঙ্গু সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত
“রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার”—এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের হাইমচরে ডেঙ্গু প্রতিরোধে এক সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) সকালে ৩নং আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে এই র্যালির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত রায়।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার আব্দুল জলিল মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ র্যালিটি ইউনিয়ন পরিষদের চারপাশের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ডেঙ্গু মশার উৎপত্তিস্থল ধ্বংস করা, বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জমানো পানি দ্রুত নিষ্কাশনের মাধ্যমে এডিস মশা প্রতিরোধে সর্বসাধারণকে সচেতন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় বলেন, “ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, সাধারণ মানুষের সচেতনতা সবচেয়ে বেশি জরুরি। আমরা যদি নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখি, তবে ডেঙ্গুর প্রকোপ থেকে নিজেদের রক্ষা করতে পারব।”
সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান সরদার আব্দুল জলিল মাস্টার বলেন, “ইউনিয়নবাসীর স্বাস্থ্য সুরক্ষায় আমরা এই সচেতনতামূলক কার্যক্রম হাতে নিয়েছি। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান জোরদার করা হবে।”
র্যালিতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সচিব মোঃ বিল্লাহ হোসেন
প্রতিবেদক: মোঃ আলমগীর হোসেন (আসিফ )
৯ জুন ২০২৬