হাইমচরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

চাঁদপুরের হাইমচর উপজেলায় ১৫ গ্রাম গাঁজাসহ নূরু রাঢ়ী (২৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে হাইমচর থানা পুলিশ। ​গত শনিবার (৪ অক্টোবর) রাতে উপজেলার দক্ষিণ আলগী ইউনিয়নের বর্ডার পুল বাজার থেকে গণ্ডামারাগামী সড়কের নূরের হোটেলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত নূরু রাঢ়ী হাইমচর উপজেলার ৫নং ওয়ার্ডের গণ্ডামারা (রাঢ়ী বাড়ী) এলাকার হাতেম রাঢ়ী ও ছকিনা বেগম দম্পতির ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম-সেবা-র সার্বিক দিকনির্দেশনায় থানার উপ-পরিদর্শক (এসআই/নিঃ) সৌরভ দাশ সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নূরু রাঢ়ীকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

​এ ঘটনায় হাইমচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা (এফআইআর নং-০১, তাং- ০৪/১০/২০২৬ খ্রিঃ; জি আর নং-২৬৩) রুজু করা হয়েছে।

​রোববার (৫ অক্টোবর) সকালে আইনি প্রক্রিয়া শেষে ধৃত আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রতিবেদক: মোঃ আলমগীর হোসেন (আসিফ)/
৬ অক্টোবর ২০২৬