হাইমচরে ‘নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন’ নিয়ে প্রশিক্ষণ
চাঁদপুরের হাইমচরে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) উদ্যোগে সমিতির সভানেত্রী ও দলনেত্রীদের নিয়ে তিন দিনব্যাপী ‘নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিডিবিএফ চাঁদপুর আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক মো. মেজবাউল ইসলাম হামিদী।
প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী সমিতির সভানেত্রী ও দলনেত্রীদের সঞ্চয়ের গুরুত্ব, বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ভূমিকা, নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ ও দায়িত্ব সম্পর্কে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, নারীদের নেতৃত্বের বিকাশ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে গ্রামীণ সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। পাশাপাশি সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতন ভূমিকা পালনের জন্য প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানানো হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের ‘কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়)’-এর আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন পিডিবিএফ হাইমচর উপজেলা কার্যালয়ের সহকারী প্রকল্প পরিচালক প্রদীপ কুমার দাস।
প্রতিবেদক: মোঃ আলমগীর হোসেন আসিফ/
১৬ নভেম্বর ২০২৬