কচুয়ায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে আপত্তিকর আচরণের অভিযোগ

চাঁদপুরের কচুয়ার সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের খণ্ডকালীন শিক্ষক সাফিক হোসেনের বিরুদ্ধে দশম শ্রেণির ছাত্রীদের সঙ্গে আপত্তিকর আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ৫০ সেকেন্ডের ভিডিও ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) শিক্ষার্থীরা সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাসের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষও অংশগ্রহণ করেন। এ সময় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান বিক্ষোভকারীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক সাফিক হোসেনের সঙ্গে দশম শ্রেণির কয়েকজন ছাত্রীদের আপত্তিকর আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযোগের সত্যতা যাচাই করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন মোল্লা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে বিষয়টি তাঁদের নজরে এসেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী আশরাফ জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, অভিযুক্ত শিক্ষক সাফিক হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, বিষয়টি তার জানা নেই। তাকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ফাঁসানো হয়েছে।

এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ দেখা দিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এদিকে মঙ্গলবার বিকেলে স্থানীয়দের বিক্ষোভের কারণে অভিযুক্ত ওই শিক্ষককে আটক করেছে কচুয়া থানা পুলিশ।

প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,
১৭ নভেম্বর ২০২৬