সাবেক প্রধান শিক্ষক সূর্য কুমার নাথ-এর স্মরণসভা

চাঁদপুর পুরানবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রয়াত সূর্য কুমার নাথ-এর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ৪ জুলাই শনিবার সকালে বিদ্যালয় হল রুমে আয়োজন করা হয়। স্মরণ সভায় প্রয়াত সূর্য কুমার নাথ-এর দীর্ঘদিনের সহযোদ্ধা শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, এবং স্বজন-সারথিরা অংশগ্রহণ করেন। তারা প্রয়াত এই শিক্ষাবিদ ও কৃতি ব্যাক্তিত্বের জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীন সুলতানার সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুভাষচন্দ্র রায়, সিনিয়র সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, পরিচালক গোপাল চন্দ্র সাহা, পুরানবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও সাবেক শিক্ষক কল্পনা সরকার, প্রয়াত সূর্য কুমার নাথ-এর জৈষ্ঠ্য সন্তান জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী সঞ্জয় কুমার নাথ, ভাগ্নি জামাই বাবুল চন্দ্র দেবনাথ, নাতি এডভোকেট পলাশ মজুমদার।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ হোসাইনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, প্রাক্তন শিক্ষার্থী ও ব্যবসায়ী মোহাম্মদ নাসির উদ্দিন খান, চাঁদপুর চেম্বার অব কমার্সের পরিচালক আসলাম তালুকদার, মধুসূদন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গোপাল চন্দ্র ঘোষ, অভিভাবক সদস্য বিপ্লব কুমার গোপ, সাবেক সদস্য মোঃ জাকির হোসেন খান শিপন, পুরান বাজার ২নং বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ধ্রুবরাজ বণিক, সিনিয়র শিক্ষক মাকসুদুল মাওলা, লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক লক্ষণ রায় পিন্টু প্রমুখ।

বক্তারা বলেন, পুরানবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক প্রয়াত সূর্য কুমার নাথ ছিলেন একজন আদর্শ শিক্ষক, দূরদর্শী শিক্ষানুরাগী এবং মানবিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তিত্ব। তিনি একই সাথে একজন ধর্মপরায়ণ এবং সাংস্কৃতিমনা মানুষ ছিলেন। এই বিদ্যালয়ে কর্মজীবনে তিনি শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা, নৈতিকতা ও শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গেছেন। তাঁর সততা, নিষ্ঠা, কর্মপ্রেরণা এবং শিক্ষার্থীদের প্রতি অকৃত্রিম ভালোবাসা আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

বক্তারা আরও বলেন, প্রয়াত সূর্য কুমার স্যার একজন সফল বাবা। তিনি তার দুই সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন।তাঁর স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে বিদ্যালয়ে “প্রয়াত সূর্য কুমার নাথ বৃত্তি প্রকল্প” চালু রয়েছে। এ প্রকল্পের আওতায় প্রতিবছর দরিদ্র ও মেধাবী ১০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। যা তাঁর শিক্ষা ও মানবসেবার আদর্শকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বক্তারা তাঁর আদর্শ অনুসরণ করে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার জন্য সবাইকে আহ্বান জানান।

প্রতিবেদক: আশিক বিন রহিম/
৪ জুলাই ২০২৬