গৌরবের ৩৮ বছর পূর্তি ও বিজয়া সম্মিলনী উপলক্ষে চাঁদপুরে আলোচনা সভা, কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করেছে বিবেকানন্দ যুব সংঘ।
বুধবার (৪ নভেম্বর) চাঁদপুর কাজী নজরুল ইসলাম সড়কস্থ রোটারী ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বিবেকানন্দ যুব সংঘ একটি সচল ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত সংগঠন। এ ধরনের সংগঠনগুলোকে চাঁদপুরে ধরে রাখা এবং তাদের কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়া প্রয়োজন। সংগঠনটি গৌরবের সঙ্গে ৩৮ বছর অতিক্রম করেছে, যা নিঃসন্দেহে একটি প্রশংসনীয় অর্জন। দীর্ঘ সময় ধরে একটি সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখা সহজ বিষয় নয়। এর পেছনে রয়েছে সংগঠনের সদস্যদের আন্তরিকতা, নিষ্ঠা ও সমাজের প্রতি দায়বদ্ধতা।
তিনি আরও বলেন, আমরা যত বেশি সাংস্কৃতিক চর্চা, খেলাধুলা ও সুস্থ রাজনীতির চর্চা করব এবং নিজ নিজ ধর্মীয় অনুশাসন মেনে চলব, তত বেশি একটি সুস্থ সমাজ, সুন্দর সম্পর্ক ও মানবিক রাষ্ট্র গঠনের দিকে এগিয়ে যেতে পারবো। আমি মনে করি, বিবেকানন্দ যুব সংঘ এ ধরনের ইতিবাচক ভূমিকা পালন করে যাচ্ছে।
জেলা প্রশাসক বলেন, যেকোনো সংগঠনের উদ্দেশ্য ভালো হলে সেই সংগঠন কোনো না কোনোভাবে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। চাঁদপুরে সাংস্কৃতিক কর্মকাণ্ডের একটি সমৃদ্ধ পরিবেশ রয়েছে। বিভিন্ন সংগঠন নিজ নিজ অবস্থান থেকে সাংস্কৃতিক চর্চা ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করছে। বিবেকানন্দ যুব সংঘও তাদের মানবিক, সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি নতুন প্রজন্মকে সৃজনশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন আরও বাড়ানোর আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সাহিত্য একাডেমির সাবেক মহাপরিচালক ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটারিয়ান কাজী শাহাদাত, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চাঁদপুরের সহকারী প্রকৌশলী অর্ণব দাস এবং বিবেকানন্দ যুব সংঘের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট বিনয় ভূষণ মজুমদার।
চাঁদপুর বিবেকানন্দ যুব সংঘের সভাপতি জয়রামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুভাষ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব তপন সরকার, বিবেকানন্দ যুব সংঘের সাবেক সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর, সহ-সভাপতি মানিক পোদ্দার, সহ-সম্পাদক উত্তম দাস, জয়ন্ত সাহা, সাবেক সাধারণ সম্পাদক নির্মল পাল, শিপ্রা মজুমদার, সাংগঠনিক সম্পাদক নারায়ণ ভৌমিক, সহ-সাধারণ সম্পাদক সুকুমার সরকার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সোমা দত্ত এবং সংগঠনের সদস্য নির্মল রায়, সুজন সরদার, প্রদীপ পোদ্দার ও লক্ষ্মণ রায়।
অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পরে মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়।
উল্লেখ্য : জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর’ এই মানবিক আদর্শকে ধারণ করে বিবেকানন্দ যুব সংঘ দীর্ঘদিন ধরে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সংগঠনটির এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল ‘স্বেচ্ছায় রক্ত দিন, একজন মুমূর্ষু রোগীকে বাঁচান’।
প্রতিবেদক: কবির হোসেন মিজি/
৫ নভেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur