সাংবাদিকের সবচেয়ে বড় দায়িত্ব সত্য ও যাচাইকৃত তথ্য পরিবেশন: পিআইবি মহাপরিচালক
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেছেন, সত্য ও যাচাইকৃত তথ্য পরিবেশনই একজন সাংবাদিকের সবচেয়ে বড় দায়িত্ব। প্রত্যেক সাংবাদিককে নিজস্ব বিশ্বাসযোগ্যতা গড়ে তুলতে হবে। একজন সাংবাদিক নিজেই একটি নির্ভরযোগ্য সংবাদমাধ্যমে পরিণত হতে পারেন, যদি তিনি সততা, দক্ষতা ও পেশাগত নৈতিকতা বজায় রেখে কাজ করেন।
শনিবার (২৫ জুলাই) বিকেলে চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে চাঁদপুরে কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং তথ্য যাচাইয়ের সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্যাক্ট-চেকিং বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পিআইবি মহাপরিচালক বলেন, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ দেশের সাংবাদিকদের কেন্দ্রীয় প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসেবে সময়ের প্রয়োজন অনুযায়ী নতুন নতুন বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করছে। প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে সাংবাদিকতার ধরনও বদলে যাচ্ছে। সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদেরও নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, বর্তমানে সাংবাদিকতায় এআই ও ফ্যাক্ট-চেকিং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তথ্যপ্রযুক্তির বিস্তারের ফলে প্রতিনিয়ত বিপুল পরিমাণ তথ্য, ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ছে। এর মধ্যে অনেক তথ্যই বিভ্রান্তিকর কিংবা উদ্দেশ্যপ্রণোদিত। যারা মিথ্যা ও অপতথ্য ছড়াতে কাজ করছে, তাদের মোকাবিলা করতে হলে সাংবাদিকদের আরও সতর্ক, দক্ষ ও প্রযুক্তিনির্ভর হতে হবে। সত্য ও যাচাইকৃত তথ্য পরিবেশনই একজন সাংবাদিকের সবচেয়ে বড় দায়িত্ব।
চাঁদপুর প্রেস ক্লাবের উদ্যোগে ২৩ থেকে ২৫ জুলাই পর্যন্ত প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এ প্রশিক্ষণে জেলার বিভিন্ন প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমে কর্মরত ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এ লতিফের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। এ সময় পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুনসহ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, জ্যেষ্ঠ সাংবাদিক, প্রশিক্ষক এবং প্রশিক্ষণে অংশ নেওয়া সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: শরীফুল ইসলাম
২৫ জুলাই ২০২৬