Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / সরকারি উন্নয়ন কাজে অনিয়ম বা নিম্নমানের কাজ বরদাশত করা হবে না: মমিনুল হক এমপি
সরকারি

সরকারি উন্নয়ন কাজে অনিয়ম বা নিম্নমানের কাজ বরদাশত করা হবে না: মমিনুল হক এমপি

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটি ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন।

প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিঃ মো. মমিনুল হক এমপি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে প্রশাসন, জনপ্রতিনিধি, গণমাধ্যম ও সাধারণ মানুষের সমন্বিত ভূমিকা অপরিহার্য। তিনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্ব দিয়ে বলেন, গুজব বা একপাক্ষিক তথ্যের ভিত্তিতে নয়, সত্যতা যাচাই করে সংবাদ প্রকাশ করতে হবে। একই সঙ্গে মাদক, জুয়া, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

তিনি বলেন, সরকারি উন্নয়ন কাজে কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের কাজ বরদাশত করা হবে না। কোথাও দুর্নীতি বা জনগণের অধিকার ক্ষুণ্ন হলে তা প্রশাসনের নজরে আনতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার মানোন্নয়ন, কারিগরি শিক্ষা সম্প্রসারণ ও দক্ষ মানবসম্পদ গঠনে সরকারের উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।

মাদক ও জুয়ার বিস্তার ঠেকাতে জনপ্রতিনিধিদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে এমপি বলেন, নিজ এলাকায় এসব নিয়ন্ত্রণে ব্যর্থ জনপ্রতিনিধিদের মূল্যায়ন জনগণই করবে। যেসব এলাকার জনপ্রতিনিধি অবক্ষয় রোধে ব্যর্থ হবে তাদের ভোট দিবেন না।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষা শুধু পুলিশের দায়িত্ব নয়; প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগে অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

এমপি আরও বলেন, তাঁর নাম ব্যবহার করে কেউ থানা বা প্রশাসনের কাছে তদবির করলে কোনো ছাড় দেওয়া যাবে না। প্রয়োজন হলে আইনগত ব্যবস্থা নিতে হবে।

পাশাপাশি সরকারি খাদ্যশস্য সংগ্রহে প্রকৃত কৃষকের অংশগ্রহণ নিশ্চিত করা, দোয়াভাঙ্গা এলাকায় মসজিদ স্থানান্তরের উদ্যোগ, প্রতিটি ইউনিয়নে খেলাধুলার মাঠ সংরক্ষণ এবং বাজারের ইজারা ও খাজনা আদায় ব্যবস্থার সুফল জনগণ পাচ্ছে কি না, সেসব বিষয় অনুসন্ধান করে গণমাধ্যমে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে ইউএনও মনিরা খাতুন বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন বন্ধ এবং সরকারি উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

সভায় উত্থাপিত প্রতিটি বিষয় গুরুত্বসহকারে বিবেচনা করে সংশ্লিষ্ট দপ্তরকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

সভায় শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন মামলার অগ্রগতি এবং অপরাধ দমনে পুলিশের চলমান কার্যক্রম তুলে ধরেন। তিনি অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশের সঙ্গে জনগণের অংশীদারত্বমূলক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় বিভিন্ন ইউপির চেয়ারম্যান নিজ নিজ এলাকার মাদক, জননিরাপত্তা, সড়কসহ বিভিন্ন সমস্যা তুলে ধরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান, প্রকৌশলী মাইনুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমাম হোসেন, জনপ্রতিনিধি চেয়ারম্যান জোবায়েদুল কবির বাহাদুর, মো. জহিরুল ইসলাম, খাদ্য কর্মকর্তা (ওসি এলএসডি) হোসেন শহীদ সহরওয়ার্দী, সাংবাদিক মইনুল ইসলাম কাজল ও মো. মাসুদ রানা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা, চাঁদপুর জেলা বিএনপির সহসভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান, মেহের ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিম পাটোয়ারী লিটন, ডা. সারোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পাটওয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক মো. আবুল কালাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন সেলিম, পৌর যুবদলের সদস্য সচিব আলী আজগর মোল্লা এবং ছাত্রদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার এবিএম পলাশ,সেচ্চাসেবক দলের আহবায়ক মাসুদ হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক ও সুধীজন।

স্টাফ করেসপন্ডেট/
২৪ জুলাই ২০২৬