সংস্কৃতিমনা চাঁদপুরে এমন সুন্দর আয়োজন সাংস্কৃতিক চর্চাকে আরও সমৃদ্ধ করবে: মানিক এমপি
চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে নজরুল বর্ষ (২০২৬-২০২৭) সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৪টায় জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি তার বক্তব্যে বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, চেতনা ও অসাম্প্রদায়িক আদর্শকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংস্কৃতিমনা চাঁদপুরে এমন সুন্দর আয়োজন আমাদের সাংস্কৃতিক চর্চাকে আরও সমৃদ্ধ করবে এবং নজরুলের বিদ্রোহ, মানবতা ও সাম্যের বাণীকে নতুন করে সবার মাঝে জাগ্রত করবে।
তিনি আরও বলেন, নজরুল কেবল একজন কবি নন, তিনি ছিলেন অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের কণ্ঠস্বর। তাঁর রচনা আমাদের সাহস, শক্তি ও প্রেরণা জোগায়। নতুন প্রজন্মের কাছে নজরুলের সাহিত্য ও সংস্কৃতিকে আরও ব্যাপকভাবে পৌঁছে দিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে জেলা প্রশাসন চাঁদপুর ও জেলা শিল্পকলা একাডেমি কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান সত্যিই প্রশংসনীয় এক আয়োজন। এমন মহৎ উদ্যোগ গ্রহণের জন্য জেলা প্রশাসন চাঁদপুর ও জেলা শিল্পকলা একাডেমিকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। আশা করি, ভবিষ্যতেও আমাদের শিল্প-সংস্কৃতি বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের সহধর্মিণী মুনীরা আহমেদ।
জেলা গ্রন্থাগারিক উম্মে রায়হানা ফেরদৌসের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এস. এম. এন জামিউল হিকমা, এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের একমাত্র মেয়ে ফারিসা আহমেদ মানহা, জেলা বিএনপির সহ-সভাপতি মো. খলিলুর রহমান গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মনিরা বেগম চৌধুরী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাড. কোহিনূর বেগম, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার দিতি সাহাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুধীজন এবং বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা।
অনুষ্ঠানের শুরুতে নজরুল বর্ষ (২০২৬-২০২৭) সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদেন মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
স্টাফ রিপোর্টার/২ জুলাই ২০২৬