শিশুকে চকলেটের লোভ দেখিয়ে দোকানে শাটার বন্ধ করে দিল বৃদ্ধ অতঃপর…

চকলেটের একটি ছোট্ট লোভ-সেই সরল বিশ্বাসই যেন চরম কাল হয়ে দাঁড়াল ৯ বছর বয়সী এক অবুঝ শিশুর জীবনে। খেলার সময় চকলেটের লোভ দেখিয়ে মুদি দোকানের ভেতরে ডেকে নিয়ে দোকানে শাটার বন্ধ করে যৌন নির্যাতনের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে ৭১ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের চরকুমিরা গ্রামে স্পর্শকাতর এই ঘটনাটি ঘটে। এ ঘটনায় জড়িত অভিযুক্ত মুদি দোকানি হাবিবুর রহমান পাটওয়ারী ওরফে হাবুকে (৭১)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে ফুটফুটে শিশুটি অভিযুক্তের দোকানের সামনে খেলছিল। এ সময় শিশুটিকে চকলেট দেওয়ার কথা বলে কৌশলে মুদি দোকানের ভেতরে ডেকে নেন বৃদ্ধ হাবিবুর রহমান। পরে দোকানের শাটার নামিয়ে ভেতরে শিশুটির ওপর বর্বরোচিত যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ ওঠে।

শিশুটির কান্নাকাটি ও বিষয়টির টের পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে এসে হাতেনাতে অভিযুক্ত বৃদ্ধকে অবরুদ্ধ করেন। পরে উত্তেজিত জনতা তাঁকে পুলিশে সোপর্দ করেন। অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় ভুক্তভোগী পরিবারটিতে চরম উদ্বেগ, ক্ষোভ ও গভীর ট্রমা নেমে এসেছে।

ঘটনার পরপরই শিশুটির নানা বাদী হয়ে বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে ফরিদগঞ্জ থানায় শিশু নির্যাতনের ধারায় একটি মামলা দায়ের করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, চকলেটের লোভ দেখিয়ে শিশুকে নির্যাতনের প্রাথমিক সত্যতা ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় অভিযুক্ত হাবিবুর রহমান পাটওয়ারীকে গ্রেপ্তার করা হয়েছে।  বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তাঁকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আর ভুক্তভোগী শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য চাঁদপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রতিবেদক: শিমুল হাছান,
১৭ সেপ্টেম্বর ২০২৬