ফরিদগঞ্জে দাঁতের চিকিৎসা নিতে গিয়ে নারীকে শ্লীলতাহানির অভিযোগ

চাঁদপুরের ফরিদগঞ্জে দাঁতের চিকিৎসা নিতে গিয়ে এক নারী যৌন হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলার রূপসা বাজারের ডিজিটাল ডেন্টাল কেয়ারের ডিপ্লোমাধারী চিকিৎসক ও জামায়াতের রূপসা উত্তর ইউনিয়নের সেক্রেটারি জেনারেল এইচ. এম. এ. আলী আকবর রনির বিরুদ্ধে এ অভিযোগ করেছেন ওই নারী। এ ঘটনায় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা হয়নি।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। পরদিন সোমবার (১৬ নভেম্বর) বিকেল চারটা পর্যন্ত অভিযুক্ত চিকিৎসকের চেম্বারটি বন্ধ দেখা গেছে।

ভুক্তভোগী নারীর অভিযোগ, দাঁতে ক্যাপ লাগানোর জন্য তিনি আলী আকবর রনির চেম্বারে যান। চিকিৎসার একপর্যায়ে তাঁকে একা পেয়ে চিকিৎসক তাঁর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন। তিনি প্রতিবাদ করলে চিকিৎসক তাঁর হাত চেপে ধরেন। পরে তাঁকে ধাক্কা দিয়ে চেম্বার থেকে বের করে দেওয়া হয়। সেখান থেকে বের হয়ে তিনি পরিবারের সদস্য ও স্থানীয়দের বিষয়টি জানান।

ওই নারী আরও অভিযোগ করেন, আলী আকবর রনি জামায়াতের রূপসা উত্তর ইউনিয়নের সেক্রেটারি জেনারেল। ঘটনা মীমাংসা করে দেওয়ার কথা বলে তাঁর পক্ষের কয়েকজন দলীয় ব্যক্তি ভুক্তভোগীর বাবার সঙ্গে কথা বলেছেন।

ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নুরুল আলম বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। স্থানীয়দের উপস্থিতিতে ওই নারী তাঁদের কাছে ঘটনার বর্ণনা দেন। তিনি জানান, দাঁতের চিকিৎসা নিতে গিয়ে চিকিৎসকের মাধ্যমে শ্লীলতাহানির শিকার হয়েছেন। এ কারণে তিনি জরুরি সেবায় ফোন করেছেন।

এসআই আরও বলেন, অভিযুক্ত চিকিৎসককে তাঁর চেম্বারে পাওয়া যায়নি। ওই নারীকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তিনি লিখিত অভিযোগ দেননি।

ঘটনার বিষয়ে রূপসা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আজিম বলেন, ঘটনার পর ভুক্তভোগী নারীর পরিবারের পক্ষ থেকে তাঁকে ফোন করে চিকিৎসকের চেম্বারে যেতে বলা হয়। সেখানে গিয়ে চিকিৎসকের সামনেই ওই নারী তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন এবং ঘটনার বিস্তারিত জানান। ওই সময় নারীর ভাইও উপস্থিত ছিলেন।

আজিম বলেন, অভিযোগের জবাবে চিকিৎসক দাবি করেন, চিকিৎসার সময় রোগীর শরীরে হাত লাগতে পারে। পরে তিনি ওই নারীকে থানায় অভিযোগ করার পরামর্শ দেন। এরপর ওই নারী ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে আসে।

এদিকে অভিযুক্ত চিকিৎসক আলী আকবর রনির বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। সোমবার বিকেল চারটা পর্যন্ত তাঁর চেম্বারও বন্ধ পাওয়া যায়।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জানান, এর আগেও আলী আকবর রনির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠেছিল। তবে সেসব ঘটনায় কেউ থানায় অভিযোগ করেননি। তাঁদের মতে, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। ভুক্তভোগী নারী তাঁদের কাছে ঘটনার বর্ণনা দিয়েছেন। তবে কী কারণে তিনি লিখিত অভিযোগ দিতে চাননি, তা তাঁদের জানা নেই। লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফরিদগঞ্জ প্রতিনিধি/
১৬ নভেম্বর ২০২৬