ফরিদগঞ্জে অবৈধ এমসিবি ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন
আইন ও সরকারি নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দীর্ঘ বছর ধরে অবৈধভাবে কার্যক্রম চালিয়ে আসছিল চাঁদপুরের ফরিদগঞ্জের মেসার্স মাহবুব চেয়ারম্যান ব্রিকফিল্ড (এমসিবি)। অথচ ইটভাটাটির একেবারেই সন্নিকটে রয়েছে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বনামধন্য গাজীপুর বাজার। কোমলমতি শিক্ষার্থী, সবুজ প্রকৃতি, ফসলি জমি ও জনস্বাস্থ্য রক্ষায় অবশেষে কঠোর অবস্থানে নেমেছে প্রশাসন।
মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) দুপুর থেকে বিকােলপর্যন্ত উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে অবৈধ এই ইটভাটাটি বুলডোজার দিয়ে কিছু অংশ গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপংকর বৈরীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপজেলার মেসার্স মাহাবুব চেয়ারম্যান ব্রিকস (এমসিবি) এবং মানিক রাজ ব্রিকসে হানা দেয় প্রশাসন। এ সময় পরিবেশের ছাড়পত্র ও বৈধ কাগজপত্র না থাকায় এমসিবি ইটভাটার অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
তবে প্রশাসনের এই অভিযানে তাৎক্ষণিক স্বস্তি প্রকাশ করলেও স্থানীয় বাসিন্দাদের মনে দানা বেঁধেছে ভিন্ন প্রশ্ন ও সংশয়। এলাকাবাসী জানান, প্রায় প্রতিবছরই এই ইটভাটায় প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করতে দেখা যায়। কিন্তু অভিযানের কিছুদিন পরই অদৃশ্য শক্তির জোরে ভাটাটি আবারও পুরোদমে চালু হয়ে যায়। ফলে স্থানীয়রা সাংবাদিকদের কাছে প্রশ্ন তুলেছেন এই অভিযান কি স্থায়ী সমাধান আনবে, নাকি আগের মতোই শুধু লোকদেখানো হয়ে থাকবে?
পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় সূত্রে জানা যায়, ইটভাটার বিষাক্ত কালো ধোঁয়া এবং ফসলি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) কেটে নেওয়ায় এলাকার কৃষিজমি, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছিল। এ বিষয়ে চলতি বছরের আগস্ট মাসে জেলা প্রশাসকের সঙ্গে ইটভাটা মালিকদের এক বিশেষ সভায় অবৈধ কার্যক্রম বন্ধের কঠোর নির্দেশনা দেওয়া হয় এবং পরবর্তীতে নোটিশও পাঠানো হয়। কিন্তু নির্দেশনা অমান্য করে ভাটাগুলো চালু রাখায় অবশেষে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।
সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, এই উপজেলায় পরিবেশের জন্য ক্ষতিকর এমন অন্তত ১৫-১৮টি অবৈধ ইটভাটা চিহ্নিত করা হয়েছে। জনস্বার্থ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় পর্যায়ক্রমে সবকটি অবৈধ ইটভাটার বিরুদ্ধেই এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান বলেন, পরিবেশ, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনস্বাস্থ্যের ক্ষতি করে কোনোভাবেই অবৈধ ইটভাটা চলতে দেওয়া হবে না। আমাদের এই অভিযান চলমান থাকবে এবং পর্যায়ক্রমে সব অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযান চলাকালে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্ব পালন করেন। স্থানীয় সচেতন মহল ও অভিভাবকদের দাবি, অভিযান শেষে ভাটাটি যেন আর কোনোভাবেই পুনরায় চালু হতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে কঠোর নজরদারি রাখতে হবে।
প্রতিবেদক: শিমুল হাছান,
১৭ নভেম্বর ২০২৬