শাহরাস্তি প্রবাসী কাছে ৫ লাখ টাকা চাঁদাবাজি মামলায় ৪ জন গ্রেফতার

চাঁদপুরের শাহরাস্তিতে ইতালি প্রবাসী এক ব্যক্তির কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দায়ের করা চাঁদাবাজি মামলায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন ওই উপজেলার বলশিদ গ্রামের বাচ্চু মিয়ার ছেলে শাহাদাত হোসেন (৩০), আবুল বাশারের ছেলে কামাল হোসেন ওরফে সোহেল (৩০) ও সিয়াম (২৯) এবং মিজানুর রহমানের ছেলে মো. রুবেল (২৬)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বলশিদ গ্রামের মৃত সেকান্দর আলীর ছেলে ইতালি প্রবাসী মো. আলাউদ্দিন মিয়াজীর কাছে অভিযুক্তরা ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা না দেওয়ায় তাকে মারধর করে গুরতর আহত করার অভিযোগও রয়েছে।

এ ঘটনায় আলাউদ্দিন বাদী হয়ে চলতি বছরের গত ২৬ এপ্রিল শাহরাস্তি আমলী আদালতে সিআর মামলা নং-১২৯/২৬ দায়ের করেন।

মামলার অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা এলাকায় উচ্ছৃঙ্খল ও বখাটে হিসেবে পরিচিত এবং বিভিন্ন সময় মার্কেটসহ এলাকায় প্রবেশ করে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করতেন। এরই ধারাবাহিকতায় আলাউদ্দিনের কাছেও ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে মামলায় অভিযোগ করা রয়েছে।

মামলার পরিপ্রেক্ষিতে আদালত থেকে আসামীদের বিরুদ্ধে সমনজারি করা হলে ১৩ আগস্ট বৃহস্পতিবার তারা ৪ জন আদালতে হাজিরা দিতে আসলে আদালত তাদের ৪ জনকে গ্রেফতার করে। পরে এদিন বিকেলে তাদেরকে চাঁদপুর বাবুরহাট জেল হাজতে প্রেরণ করেন।

প্রতিবেদক: কবির হোসেন মিজি/
১৩ আগস্ট ২০২৬