শাহরাস্তিতে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়ে বিপাকে খামারী গিয়াস উদ্দিন
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়নের মালরা গ্রামের সফল উদ্যোক্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন। দীর্ঘদিন প্রবাসে থাকার পর ২০১৯ সালে দেশে ফিরে প্রায় কোটি টাকা ব্যয়ে নিজ এলাকায় গড়ে তোলেন ‘আব্দুর রহমান এগ্রো ফার্ম’। খামারের বর্জ্য থেকে বায়োগ্যাস উৎপাদন করে আশপাশের পরিবারে গ্যাস সরবরাহের পাশাপাশি সৌরবিদ্যুতের মাধ্যমে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ করছেন তিনি। তবে গত সাত মাস ধরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করলেও এখনো কোনো অর্থ পাননি এই উদ্যোক্তা।
গিয়াস উদ্দিনের এগ্রো ফার্মে বর্তমানে গরুর খামার, মুরগির খামার ও মৎস্য খামার রয়েছে। বিদেশের মাটিতে শ্রম ও ঘাম না ঝরিয়ে দেশের মাটিতে কিছু করার স্বপ্ন থেকেই প্রবাসে উপার্জিত অর্থ দিয়ে খামার গড়ে তোলেন তিনি। বর্তমানে তাঁর খামারে ৩১টি গরু ও ২ হাজার ৭০০ মুরগি রয়েছে। এসব থেকে প্রতিদিন গড়ে ১৩০ লিটার দুধ এবং ১ হাজার ৮০০ ডিম পাওয়া যায়।
২০২২ সালে খামারের বর্জ্য কাজে লাগিয়ে বায়োগ্যাস প্লান্ট স্থাপন করেন গিয়াসউদ্দিন। বর্তমানে ওই প্লান্ট থেকে আশপাশের ১৬টি পরিবারে গ্যাস সংযোগ দিয়ে সরবরাহ অব্যাহত রেখেছেন। ব্যবসার পরিধি আরও বাড়াতে প্রায় এক বছর আগে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির সঙ্গে আলোচনা করে ৯ হাজার ৬০০ ওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু করেন। সাত মাস আগে বিদ্যুৎ কর্তৃপক্ষ কাজ শেষ করে প্রকল্পটিকে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত করে। মিটারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত জাতীয় গ্রিডে ২ লাখ ২১ হাজার ইউনিট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে; কিন্তু সাত মাসেও বিল বা কোনো অর্থ পাননি গিয়াস উদ্দিন।
খামারের বর্জ্য কাজে লাগিয়ে জৈব সার উৎপাদনের পরিকল্পনাও রয়েছে তাঁর। তবে প্রয়োজনীয় অর্থের অভাবে এখনো জৈব সার তৈরির কার্যক্রম শুরু করতে পারেননি। প্রয়োজনীয় অর্থায়ন ও সহযোগিতা পেলে এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে খামারের বর্জ্যকে সম্পদে রূপান্তর করা সম্ভব হবে বলে মনে করছেন তিনি।
গিয়াস উদ্দিনের দাবি, খামার প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত সরকারি কোনো ধরনের সহযোগিতা বা বিশেষ সুবিধা পাননি। অন্যদিকে গরু, মুরগি ও মাছের খাদ্যের দাম ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় উৎপাদন ব্যয় সামাল দিতে তাঁকে হিমশিম খেতে হচ্ছে। ফলে বিপুল বিনিয়োগে গড়ে তোলা খামারটি টিকিয়ে রাখাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
এ বিষয়ে গিয়াস উদ্দিন বলেন, প্রকল্পের কাজ শেষ হওয়ার পর থেকেই বিদ্যুৎ কর্তৃপক্ষ তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও কোনো আশ্বাস পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে শাহরাস্তি পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ নিজাম উদ্দিন সামস্ বলেন, বিষয়টি তাঁর মনে নেই; তবে সাংবাদিকদের মাধ্যমে অবগত হয়েছেন। সহকারী ইঞ্জিনিয়ার বিষয়টি দেখাশোনা করছেন বলে জানান তিনি। এ সময় পাশে থাকা ডিজিএমের গাড়িচালক মো. নুরুদ্দিন প্রকল্পের কাজ চলাকালে কয়েকবার সেখানে গিয়েছিলেন বলে জানান। তবে এ বিষয়ে বক্তব্য নিতে সহকারী ইঞ্জিনিয়ার মেহেদি হাসানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ মাহবুব উল আলম বলেন, গিয়াসউদ্দিন একজন সফল উদ্যোক্তা। তাঁর বিষয়টি উপজেলা যুব উন্নয়ন অফিস থেকে মন্ত্রণালয়ে জানানো হয়েছে এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের তাঁর খামার পরিদর্শনের কথা রয়েছে। জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করেও অর্থ না পাওয়ার বিষয়টি তাঁর জানা আছে উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/
২৭ নভেম্বর ২০২৬