শাহরাস্তি পৌর মেয়র প্রার্থী আক্তার হোসেন পাটোয়ারীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন

চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা বিএনপির উপদেষ্টা, পৌরসভার মেয়র প্রার্থী আক্তার হোসেন পাটোয়ারী।

রবিবার (১৮ অক্টোবর) রাত ৯টায় তিনি বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

প্রধান অতিথির বক্তব্যে আক্তার হোসেন পাটোয়ারী বলেন, “আমরা সবাই একই এলাকার মানুষ। আপনাদের সঙ্গে সম্পৃক্ত হতে পেরেছি, এটি আমাদের সৌভাগ্য।” তিনি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

সাবেক উপজেলা বিএনপির সভাপতি মরহুম দেলোয়ার হোসেন মিয়াজীর স্মৃতিচারণ করে তিনি বলেন, “আমি তাঁর সঙ্গে একসঙ্গে রাজনীতি করেছি। তখন আমি সাধারণ সম্পাদক ছিলাম। তিনি যেভাবে সব ধর্মের মানুষের পাশে ছিলেন, আমিও সেভাবে আপনাদের পাশে থাকতে চাই। আমাদের রাজনীতি ছিল সমাজের মানুষের কল্যাণের জন্য।”

স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হকের অঙ্গীকারের কথা উল্লেখ করে তিনি বলেন, কিশোর গ্যাং নির্মূল ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে কাজ চলছে এবং এর সুফল মানুষ দেখতে পাচ্ছে।

তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় শাহরাস্তি উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জুবায়ের আল নাহিয়ানসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শাহরাস্তি উপজেলায় এবার ১৯টি দুর্গামন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/
১৯ অক্টোবর ২০২৬