শাহরাস্তিতে মাদকবিরোধী র‍্যালি ও সভা

“মাদক থেকে দূরে থাকি, সুস্থ সমাজ গড়ি মাদক বিরোধী র‍্যালী”-মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি ও মাদক নির্মূলে চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে শাহরাস্তি মডেল থানা পুলিশের উদ্যোগে উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বেরকি এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নেতৃত্বে আয়োজিত র‍্যালিতে খিলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শেখ রায়হানুল ইসলাম, শাহরাস্তি থানার পুলিশ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। র‍্যালিতে প্রায় ৪শ থেকে ৫শ জন অংশগ্রহণ করেন।

র‍্যালিটি বেরকি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সেখানে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, মাদক প্রতিরোধ এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।

বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/
৫ সেপ্টেম্বর ২০২৬