শাহরাস্তিতে বৃদ্ধ বাবার ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে, সন্তানদের নিয়ে দিশেহারা স্ত্রী

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় নিজ বসতঘরে আগুন দিয়ে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি সাধনের অভিযোগ উঠেছে এক মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে পলাতক রয়েছে বলে অভিযোগ করেছেন তার বাবা। বসতঘরসহ মালামাল হারিয়ে দুই সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী।

শনিবার (২৬ জুলাই) শাহরাস্তি থানায় দায়ের করা এক লিখিত অভিযোগে উপজেলার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের বিশারা (শামছুল মুহুরী বাড়ী) এলাকার বাসিন্দা মমিন (৬০) অভিযোগ করেন, তার ছেলে মো. মনির হোসেন বাবু দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ও উচ্ছৃঙ্খল আচরণ করে আসছেন। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই স্ত্রীকে মারধর করতেন এবং পরিবারের সদস্যরা প্রতিবাদ করলে তাদেরও গালিগালাজ ও মারধরের পাশাপাশি হুমকি-ধমকি দিতেন। বিষয়টি একাধিকবার স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে মীমাংসার চেষ্টা করা হলেও তিনি সংশোধন হননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, গত ২৫ জুলাই বিকেলে অভিযুক্ত ব্যক্তি দোকানের সামনে তার স্ত্রীকে মারধর করেন। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এর জের ধরে একই রাতের শেষ প্রহরে, ২৬ জুলাই ভোররাত আনুমানিক সাড়ে ৩টার দিকে অভিযুক্ত ব্যক্তি তার বাবার বসতঘরে আগুন দেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগকারী দাবি করেন, আগুন লাগিয়ে অভিযুক্ত ব্যক্তি চিৎকার করতে করতে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও পুরো ঘর পুড়ে যায়। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী আরও জানান, অভিযুক্ত বর্তমানে পলাতক রয়েছেন এবং ভবিষ্যতে পরিবারের সদস্যদের প্রাণনাশসহ আরও ক্ষতির আশঙ্কায় তারা আতঙ্কের মধ্যে রয়েছেন। এ ঘটনায় শাহরাস্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে।

প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/
২৬ জুলাই ২০২৬