চাঁদপুরের শাহরাস্তির শিবপুর বাংলাবাজার সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোঃ রবিউল আলম খোকন নামে এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি দোয়াভাঙ্গা জাহাঙ্গীর হোটেলের পাশে অবস্থিত “মালিয়া এন্ড মুহাত ফ্যাশন হাউজ”-এর মালিক হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। এ ঘটনায় আরও অন্তত দু’জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে সড়কের পাশে দাঁড়িয়ে সিএনজির জন্য অপেক্ষা করছিলেন রবিউল আলম খোকন। এসময় একটি সিএনজিকে থামানোর জন্য হাতে ইশারা দিলে সেটি তার থেকে কিছুটা সামনে গিয়ে দাঁড়ায়। ঠিক সেই মুহূর্তে পিছন দিক থেকে দ্রুতগতির একটি বালুবাহী ড্রাম ট্রাক এসে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ট্রাকের সামনের অংশের নিচে আটকা পড়েন।
দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করার চেষ্টা করেন। পরে গুরুতর অবস্থায় গাড়ির নিচ থেকে বের করা হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে শাহরাস্তি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী সিএনজি চালক মেহেদী হাসান জানান, তার বাড়ি রহিমানগর ইসলামপুর এলাকায়। তিনি বলেন, “আমি যাত্রী নামানো ও উঠানোর জন্য দাঁড়িয়েছিলাম। এক যাত্রী আমাকে ভাড়া দিলে আমি বাকি টাকা ফেরত দেওয়ার সময় হঠাৎ পিছন থেকে বালুর গাড়িটি আমার সিএনজিতে জোরে ধাক্কা দেয়। পরে দেখি খোকন মিয়া গাড়ির নিচে পড়ে আছেন।”
তিনি আরও জানান, দুর্ঘটনায় তার বুকের উপরের অংশে আঘাত লেগেছে। এছাড়া আহত আরও একজন যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
=> মোঃ জামাল হোসেন/ ২৪ মে ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur