শাহরাস্তিতে নৌকা দিয়ে মাটি কাটার হিড়িক, ধ্বংস হচ্ছে ফসলি জমি

চাঁদপুরের শাহরাস্তিতে নৌকা দিয়ে কৃষিজমির মাটি কাটার হিড়িক, ধ্বংস হচ্ছে ফসলি জমি। দেখার যেন কেউ নেই। উপজেলার বিভিন্ন ফসলি মাঠে কৃষি জমি থেকে নৌকা দিয়ে ফসলি জমির মাটি কাটার হিড়িক পড়ছে। এতে একদিকে যেমন আবাদি জমি ও উর্বরতা নষ্ট হচ্ছে, অন্যদিকে পরিবেশ ও কৃষিনির্ভর মানুষের জীবিকা হুমকির মুখে পড়ছে।

স্থানীয়দের অভিযোগে জানা যায় একটি চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন ফসলি মাঠের শোরসাক ফসলি মাঠ, সূচিপাড়া চাঁদপুর ফসলি মাঠ ও শাহরাস্তি ওয়াকয়ের উত্তরে ফসলি মাঠ, শোরসাক পূর্বপাড়া ফসলিমাঠ, শোরসাক উত্তর পাড়া ফসলি মাঠসহ বিভিন্ন ফসলি জমি থেকে মাটি কেটে নৌকাযোগে অন্যত্র ও ব্রিক ফিল্ডে নিয়ে যাচ্ছে। দিনের পাশাপাশি রাতের আঁধারেও মাটি কাটার অভিযোগ রয়েছে। এতে জমিতে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে আশপাশের জমিও ক্ষতির সম্মুখে পড়ছে।

কৃষকদের দাবি, ফসলি জমি থেকে মাটি কাটা বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। অন্যথায় ভবিষ্যতে কৃষিজমি কমে যাওয়ার পাশাপাশি খাদ্য উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে বিষয়টি তদন্ত করে অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে মাটি ব্যবসায়ী মহিন উদ্দিন জানান আমি নৌকা দিয়ে মাটি কাটছি আমার একটা নৌকা দিয়ে আমি মাটি কাটি।

আরেক মাটি ব্যবসায়ী স্বপন জানান, আমি নৌকা দিয়ে মাটি কাটছি তাতে কি হয়েছে। মহিন ফারুকসহ আরো অনেকেই তো ফসলি জমি থেকে নৌকা দিয়ে মাটি কাটছে। কই কিছুই তো হচ্ছে না।

এ বিষয়ে এলাকাবাসী জানান এতে জমির স্বাভাবিক উর্বরতা কমে যাওয়ার পাশাপাশি পাশের জমিগুলোও ভাঙন ও জলাবদ্ধতার ঝুঁকিতে পড়ছে। ফসলি জমি থেকে মাটি কাটার কারণে তারা ভবিষ্যতে চাষাবাদে সমস্যার সম্মুখীন হতে পারেন।

এভাবে ফসলি জমি থেকে নৌকা দিয়ে দিন দিন মাটি কাটলে কৃষি জমি হুমকির মুখে পড়বে। তাই কৃষিজমি রক্ষায় অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার বন্ধের জন্য প্রশাসনের জোর দাবি জানান।

প্রতিবেদক: মো:জামাল হোসেন/
৫ সেপ্টেম্বর ২০২৬