শাহরাস্তিতে আন্তঃজেলা চোরচক্রের ৪ সদস্য আটক
চাঁদপুরের শাহরাস্তিতে অভিযান চালিয়ে আন্তঃজেলা অটোরিকশা ও মোটরসাইকেল চোরচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চোরাইকৃত দুটি অটোরিকশা, একটি অটোরিকশার কাটা অংশবিশেষ, একটি ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেল এবং পাঁচটি অটোরিকশার ব্যাটারি উদ্ধার করা হয়।
রোববার (৩ মে) বিকেল ৫ টায় শাহরাস্তি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ঘুঘুশাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমানের নির্দেশনায় এসআই আরিফ হোসাইন ও এএসআই সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। এ সময় ঘুঘুশাল এলাকার নতুন বাড়ির মৃত আব্দুল মান্নানের ঘরের উত্তর পাশে খালি জায়গা থেকে চক্রের সদস্য মো. ইউসুফ (৪০) কে আটক করা হয়।
আটক ইউসুফের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে সাহাপুর এলাকার বাগানবাড়ী ব্রিজের ওপর থেকে চক্রের আরও তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলা থেকে অটোরিকশা ও মোটরসাইকেল চুরি করে এনে বিক্রি করতো। এছাড়া যন্ত্রাংশ খুলে আলাদা ভাবেও বিক্রি করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান,এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার এবং আরও চোরাই মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। প্রতিবেদক: মো: জামাল হোসেন/৪ মে ২০২৬