রোবটিক্স অলিম্পিয়াডে ইতালি যাচ্ছে চাঁদপুর হাসান আলী স্কুলের মাহাদী
ফিবোনাচ্চি ইন্টারন্যাশনাল রোবট অ্যান্ড স্টেম অলিম্পিয়াডের আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের জন্য মনোনীত হয়েছে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মো. মাহাদী রহমান ও তার দল। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় ‘রোবো টেক এন্টারপ্রেনারশিপ অ্যান্ড প্রজেক্ট’ বিভাগে স্বর্ণপদক অর্জনের পর ইতালির রোমে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক পর্বে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে তারা।
গত ৪ সেপ্টেম্বর ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (UIU) ফিবোনাচ্চি ইন্টারন্যাশনাল রোবট অ্যান্ড স্টেম অলিম্পিয়াডের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবকদের অংশগ্রহণে চারটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে মাহাদী রহমান ও তার দল ‘রোবো টেক এন্টারপ্রেনারশিপ অ্যান্ড প্রজেক্ট’ বিভাগে গোল্ড মেডেল অর্জন করে আন্তর্জাতিক পর্যায়ের জন্য নির্বাচিত হয়।
দলের প্রকল্পটির নাম ‘DELTA-X (Next-Generation Autonomous Rescue & Defense Robot)’। এটি একটি বহুমুখী স্মার্ট রিসার্চ, সারভাইভাল ও রেসকিউ রোভার। দুর্যোগপূর্ণ ও ঝুঁকিপূর্ণ পরিবেশে মানুষের পরিবর্তে প্রাথমিক পর্যবেক্ষণ ও উদ্ধার সহায়তা দেওয়ার লক্ষ্য নিয়ে রোবটটি তৈরি করা হয়েছে।
প্রকল্পটি তৈরি করেছে মাহাদী রহমান ও দলের দলনেতা কেএফটি কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী এস. এম. সায়েম প্রিয়ন্ত। দলের অন্য সদস্যরা হলেন মাহিবা মানহা, তাসকিয়া তানহা, সোহানা ও জুনায়েদ।
উদ্ভাবকদের দাবি, ‘ডেল্টা-এক্স’-এ রয়েছে রিয়েল-টাইম তাপমাত্রা, মাটির আর্দ্রতা, কার্বন ডাই-অক্সাইড (CO₂) ও গ্যাস পর্যবেক্ষণের ব্যবস্থা। পাশাপাশি পালস ডাটা, ESP32/Wi-Fi ক্যামেরা, GPS-GSM লোকেশন রিপোর্টিং এবং লাইভ ভিডিও সিস্টেম যুক্ত করা হয়েছে। রোবটটি ম্যানুয়াল ও স্বয়ংক্রিয় দুই মোডে চলতে পারে। চলার পথে বাধা শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে দিক পরিবর্তনের সক্ষমতাও রয়েছে।
আগুন শনাক্ত হলে রোবটটির স্বয়ংক্রিয় পানি স্প্রে ব্যবস্থা সক্রিয় হয়। এ ছাড়া এতে 6-DOF রোবোটিক আর্ম, দুর্গম ভূখণ্ডে চলাচলের সক্ষমতা, সৌর ট্র্যাকিং, আলো, ওয়াকি-টকি এবং ড্রোন সাপোর্ট সিস্টেম যুক্ত করা হয়েছে। এসব প্রযুক্তি ব্যবহার করে দুর্যোগ ও উদ্ধার কার্যক্রমে রোবটটিকে ব্যবহারযোগ্য করে তোলার চেষ্টা করা হয়েছে।
মাহাদী রহমান এর আগেও বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিজ্ঞান ও উদ্ভাবনী প্রতিযোগিতায় সাফল্য পেয়েছে। তার তৈরি ‘Bangla Smart Wheelchair’ প্রকল্প নিয়ে World Invention Competition and Exhibition-2026-এর আন্তর্জাতিক পর্যায়ে মালয়েশিয়ায় অংশগ্রহণের সুযোগ হয়েছিল। তবে পর্যাপ্ত স্পন্সর না পাওয়ায় সে প্রতিযোগিতায় সরাসরি অংশ নেওয়া সম্ভব হয়নি।
এ ছাড়া যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত RoboBoat-2026-এ ‘Dreams of Bangladesh’-এর সঙ্গে অংশগ্রহণের সুযোগ পেয়েছে মাহাদী। একই সঙ্গে Innovation World Cup-2026-এর আন্তর্জাতিক পর্যায়ে ইন্দোনেশিয়ায় অংশগ্রহণের জন্যও মনোনীত হয়েছে সে।
২০২৫ সালের International Science and Invention Fair (ISIF)-এর জাতীয় পর্যায়ে ‘Physics, Energy and Engineering’ বিভাগে ‘Honorable Mention Award’ অর্জন করে মাহাদী। পরে ISIF-25-এর আন্তর্জাতিক পর্যায়ে অনলাইনে অংশ নিয়ে ২৪টি দেশের প্রতিযোগীদের মধ্যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে সিলভার মেডেল অর্জন করে।
তবে আন্তর্জাতিক পর্যায়ের এসব প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে অর্থসংকটকে বড় বাধা হিসেবে দেখছেন মাহাদী ও তার দলের সদস্যরা। আগেও স্পন্সরের অভাবে আন্তর্জাতিক পর্যায়ে সরাসরি অংশ নেওয়ার সুযোগ হাতছাড়া হয়েছে।
সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বর মাসে ফিবোনাচ্চি ইন্টারন্যাশনাল রোবট অ্যান্ড স্টেম অলিম্পিয়াডের আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে ইতালির রোমে যাবে মাহাদী ও তার দল। আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করে নিজেদের উদ্ভাবন তুলে ধরাই এখন তাদের প্রধান লক্ষ্য।
প্রতিবেদক: আশিক বিন রহিম/
৫ সেপ্টেম্বর ২০২৬