যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে যোগ দিলেন হাজীগঞ্জের জুম্মান

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খাটরা বিলওয়াই এলাকার বাসিন্দা জুম্মান তপদার যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী (ইউএস আর্মি)-তে যোগ দিয়েছেন। বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণের সাফল্যে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দ বিরাজ করছে।

জুম্মান তপদার খাটরা বিলওয়াই গ্রামের তপদার বাড়ির বাসিন্দা। তিনি বিল্লাল হোসেন তপদার ও শাহনাজ বেগম দম্পতির ছোট ছেলে। পাঁচ সদস্যের পরিবারে তাঁর দুই বোন ও এক ভাই।

জানা যায়, জীবিকার তাগিদে জুম্মান তপদার ২০২৩ সালের জুন মাসে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও নিজের ভবিষ্যৎ গড়ার প্রচেষ্টার পাশাপাশি ইউএস আর্মিতে যোগদানের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়ায় সফলতা অর্জন করেন তিনি।

জুম্মানের এ অর্জনে তার পরিবার ও স্বজনরা আনন্দিত। স্থানীয়রাও তার সাফল্যকে হাজীগঞ্জের জন্য গর্বের বিষয় হিসেবে দেখছেন। তারা জুম্মান তপদারের উজ্জ্বল ভবিষ্যৎ ও সফল কর্মজীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।

উল্লেখ্য, ইউএস আর্মিতে বাংলাদেশি বংশোদ্ভূত একজন তরুণের এ অর্জন তার নিজের পাশাপাশি পরিবার ও নিজ এলাকার জন্যও সম্মানের বলে মনে করছেন এলাকাবাসী।

বর্তমানে জুম্মানের পুরো পরিবার আমিরিকায় বসবাস করছে।

স্টাফ করেসপন্ডেট/
২২ আগস্ট ২০২৬