চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে মাদকবিরোধী আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।৭ সেপ্টেম্বর সোমবার বিকেলে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের আয়োজনে ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে মাদক বিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ ফয়েজ আহমেদ। তিনি বক্তব্যে বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। মাদক সকল অপরাধের প্রধান কারণ। বর্তমানে মাদক পরিবার, সমাজসহ সর্বক্ষেত্রে ছড়িয়ে পড়েছে। মাদকের বিষয়ে জিরো টলারেন্স, এর সাথে সম্পৃক্ত কাউকে ছাড় দেওয়া হবে না।
মাদক ব্যবসায়ী, সেবনকারী, কারবারি কাউকে মাদকসহ পেলে আপনারা তাকে আটকে রাখবেন , তারপর আমাদেরকে জানাবেন। তবে কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না। মাদকের বিষয়ে স্থানীয়দের জোরালো ভূমিকা রাখতে হবে। মাদকের বিরুদ্ধে এমপি শেখ ফরিদ আহমেদ মানিক মহোদয়ের জিরো টলারেন্স। চাঁদপুর সদরের ১৪টি ইউনিয়নের মধ্যে লক্ষ্মীপুর ইউনিয়ন হচ্ছে সবচেয়ে বড়। আপনাদের সকলের সহযোগিতায় লক্ষীপুর ইউনিয়নকে মাদকমুক্ত করা হবে।
তিনি বলেন, মসজিদের ইমামরা জুমার নামাজে মাদক, ইভটিজিংসহ সামাজিক ব্যাধিগুলো সম্পর্কে আলোচনা পেশ করবেন। মাদক নির্মূলে আপনারা সকলে আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের জনবল সংকট আছে। আপনারা সব সময় আমাদেরকে সহযোগিতা করবেন। তাহলেই আমরা মাদক, ইভটিজিং সহ সামাজিক অপরাধগুলো সমাজ থেকে দূর করতে পারবো।
বিট পুলিশিং ও চাঁদপুর সদর মডেল থানার এস আই আব্দুর রশিদের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ নুরুল ইসলাম পাটওয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন প্রধান বক্তা চাঁদপুর সদর মডেল থানার সেকেন্ড অফিসার ফেরদৌস নুর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নুরুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ শহীদ বেপারী, সিনিয়র সহ-সভাপতি মোঃ সুমন আহমেদ ভূঁইয়া, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মোঃ জাকির মৃধা, ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সম্পাদক মোঃ নাছির আহমেদ খান, সাংগঠনিক সম্পাদক মোঃ দাদুন মিয়া, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সোহেল মৃধা, মোঃ ফয়েজ আহমেদ, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ বেপারী।
আলোচনা সভা শেষে একটি মাদক বিরোধী র্যালি বের হয়। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/
৭ সেপ্টেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur