মাদকবিরোধী অভিযান জোরদার, চুরি-ছিনতাই প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে: এসপি

চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের সঙ্গে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১ জুলাই বুধবার বিকেল ৪টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বলেন, আমাকে এক সপ্তাহ সময় দিন। কিশোর গ্যাং কীভাবে পরিচালিত হচ্ছে, তা দেখি। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি সাংবাদিকদের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করে বলেন,সাংবাদিকরা সব সময় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবেন—এটাই আমাদের প্রত্যাশা।

তিনি জানান, জেলার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ চেকপোস্ট স্থাপন, শহরকে ধাপে ধাপে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা, মাদকবিরোধী অভিযান জোরদার, চুরি-ছিনতাই প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং থানায় মামলা দায়েরের ক্ষেত্রে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সুপার আরও বলেন, মাদকসেবী ও ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনে ডোপ টেস্ট করা হবে। পাশাপাশি শহরের যানজট নিরসনে বিকল্প পরিকল্পনা গ্রহণ এবং ট্রাফিক ব্যবস্থাকে আরও গতিশীল করা হবে। এ সময় তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সভায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম এ লতিফ, সাবেক সভাপতি গিয়াসউদ্দিন মিলন, শাহদাত হোসেন শান্ত, বিএম হান্নান ও রহিম বাদশা, সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহীন, চাঁদপুর জেলা টেলিভিশন ফোরামের সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, প্রথম আলোর জেলা প্রতিনিধি আলম পলাশ, সময় টিভির জেলা প্রতিনিধি ফারুক আহম্মেদ, অধ্যক্ষ জালাল উদ্দিন চৌধুরী, দৈনিক চাঁদপুর সংবাদের সম্পাদক ও প্রকাশক আব্দুর রহমান, প্রেসক্লাবের প্রচার ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম এবং দৈনিক চাঁদপুরের সম্পাদক কে এম মাসুদ।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, চাঁদপুরে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে দীর্ঘদিনের আন্তরিক ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক রয়েছে। ভবিষ্যতেও এই সম্পর্ক বজায় থাকবে। তিনি মাদক নির্মূল, যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং জেলা পুলিশের চলমান কার্যক্রমের প্রশংসা করেন।

বক্তারা বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ ও সাংবাদিকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। তারা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত রাখা, কিশোর গ্যাং দমন, সামাজিক অবক্ষয় রোধ এবং শহরের যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া জনগণকে আরও উন্নত পুলিশি সেবা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন।

সভায় আরও উপস্থিত ছিলেন সম্পাদক ও প্রকাশক বোরহান উদ্দিন ডালিম, দৈনিক আজকের কাগজের জেলা প্রতিনিধি মাসুদ আলম, চ্যানেল আইয়ের প্রতিনিধি মোর্শেদ আলম, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি নেয়ামত উল্লাহ, সাংবাদিক মিজানুর রহমান, যুগান্তরের জেলা প্রতিনিধি মির্জা জাকির হোসেন এবং চ্যানেল ২৪-এর জেলা প্রতিনিধি আল ইমরান শোভন।

মতবিনিময় সভাটি পরিচালনা করেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) লুৎফর রহমান।

প্রতিবেদক: আশিক ‍বিন রহিম/
১ জুলাই ২০২৬