মতলব উত্তরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিতপাদ্য নিয়ে সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নিবার্হী অফিসার মাহমুদা কুলসুম মনি’র সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান বক্তার বক্তব্য রাখেন- চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার।
স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ সাইফুল ইসলাম। এতে আরও বক্তব্য রাখেন ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম প্রধান, চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফারুকুল ইসলাম, লুধুয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ জাকির হোসেন।
চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার বলেছেন, মাদকমুক্ত সমাজ গড়তে, নীতি নৈতিকতা, সামাজিক মূল্যবোধ এবং সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নাই।এ প্রতিযোগিতা ও নতুন কুঁড়ি প্রতিযোগিতার মাধ্যমে দেশের আনাচে কানাচে থাকা ক্ষুদে প্রতিভাবান খেলোয়াড়দের খুজে বের করে তাদের প্রশিক্ষণ এবং লেখাপড়ার ব্যবস্থা সরকারিভাবে করা হবে।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের ভোটে নির্বাচিত বর্তমান প্রধধানমন্ত্রী তারেক রহমানের নিদের্শে খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে। পেশাগত স্বীকৃতি হিসেবে ক্রীড়া ভাতা চালু করা হয়েছে।
এবারের প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন। বালক ও বালিকা পৃথক বিভাগে দাবা,কাবাডি,হ্যান্ডবল ও সাঁতার-এ চার ইভেন্টে শিক্ষার্থীরা তাদের ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচিত প্রতিভাবান খেলোয়াড়দের জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য বিশেষ গাইডলাইন দেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদক/
৭ সেপ্টেম্বর ২০২৬