মতলবে ছোট ভাইয়ের মৃত্যুর শোকে বড় ভাইয়ের মৃত্যু
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ছোট ভাই হাছান খান (৫৫) এর মৃত্যুর খবর শুনে বড় ভাই হাসেম খান (৬২) মারা গেছেন। মঙ্গলবার (৯ নভেম্বর) মতলব পৌরসভার ৬নং ওয়ার্ডের নবকলস গ্রামে এ ঘটনাটি ঘটে। হাছান খান ও হাসেম খান নবকলস গ্রামের মৃত আব্দুর রহমান খানের ছেলে।
নিহতের স্বজনরা জানান-হাছান খান বোয়ালিয়া এলাকার প্রবাসী মঞ্জিলের বাড়ির কেয়ারটেকার হিসেবে চাকরি করতো। মঙ্গলবার সকাল ৯টায় ওই বাড়ীতে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে ( স্ট্রোক) করে মারা যায়।
বাদ জোহর বোয়ালিয়া এলাকায় হাছান খানের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। একই দিন বাদ আছর নবকলস নিজ গ্রামে মরহুমের দ্বিতীয় জানাযার শেষে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা ছিল।
এদিকে ছোট ভাইয়ের মৃত্যুর খবর জানতে পেরে নবকলস গ্রামের নিজ বাড়ীতে অসুস্থ থাকা বড় ভাই হাসেম খান বিকাল ৩ টায় মারা যায়। হাসেম খান দীর্ঘদিন যাবত কঠিন রোগে আক্রান্ত হয়ে বাড়িতে মৃত্যু শয্যায় ছিল বলে তার পরিবার জানান।
একই দিনে ৫ ঘন্টা ব্যবধানে দুই ভাইয়ের এমন মৃত্যুর খবর পেয়ে এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া। দুজনের জন্য পাশাপাশি খোঁড়া হয়েছে দুটি কবর।
একই বাড়ীর প্রতিবেশী আমির খান বলেন, হাছান খান দীর্ঘদিন যাবত বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের বাড়ী প্রবাসী মনজিল এর বাড়ীর কেয়ার টেকার হিসেবে বিশ্বস্থতার সাথে চাকুরী করতেন এবং পরিবার পরিজন নিয়ে ওই এলাকায় বসবাস করতেন। মঙ্গলবার হঠাৎ তিনি স্ট্রোকজনিত কারণে মারা যান।
ওনাকে বাদ আছর নিজ গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা ছিল। এরই মধ্যে আরেকটি দুঃসংবাদ আসে ওনার বড় ভাইও মারা গেছেন।
পরে তাদের পরিবারের সিদ্ধান্ত মোতাবেক রাতে বাদ এশা নবকলস গ্রামে মসজিদের সামনে দুই ভাইয়ের একসাথে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
৯ নভেম্বর ২০২৬