হজ প্যাকেজ ঘোষণায় সরকারি ব্যবস্থাপনায় খরচ বাড়ল ৩৮,৪৮১ টাকা

গতবারের তুলনায় ৩৮ হাজার ৪৮১ বৃদ্ধি করে আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এবার সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। যা ২০২৬ সালে ছিল ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা। এ ছাড়া বেসরকারি প্যাকেজ নির্ধারিত হয়েছে ৫ লাখ ১৩ হাজার টাকা। যা আগের বার ছিল ৫ লাখ ৯ হাজার ১৮৫ টাকা।

তবে হজযাত্রীদের জন্য বিমান ভাড়া ৩৭ হাজার টাকা কমানো হয়েছে। এর ফলে হজযাত্রায় বিমান ভাড়া পড়ছে ১ লাখ ৩০ হাজার টাকা।

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব কথা জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

আজ মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী বলেন, সরকার ২০২৭ সালের জন্য সরকারি ব্যবস্থাপনায় দুটি হজ প্যাকেজ ঘোষণা করেছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। দ্বিতীয় প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। এ ছাড়া বেসরকারি প্যাকেজ ৫ লাখ ১৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। যা গত বছর ছিল ৫ লাখ ৯ হাজার ১৮৫ টাকা।

ধর্মমন্ত্রী আরও বলেন, ২০২৭ সালের হজযাত্রীদের জন্য বিমান ভাড়া গত বছরের তুলনায় ৩৭ হাজার টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

হজ প্যাকেজ-১: এই প্যাকেজের হজযাত্রীদের মক্কায় হারাম শরিফের বহিঃচত্বর থেকে ১০০০ থেকে ১৪০০ মিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকায় আবাসন সুবিধা দেওয়া হবে। মিনায় জোন-২ এ তাঁবুর অবস্থান হবে এবং মিনা-আরাফায় ‘সার্ভিস প্যাকেজ-৩’ ক্যাটাগরির সার্ভিসসহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ করা হবে। সাধারণত সৌদি আরবে অবস্থানকাল হবে ৩৫-৪০ দিন।

উল্লেখ্য, অতিরিক্ত অর্থ পরিশোধ সাপেক্ষে রুম আপগ্রেডেশন ও শর্ট প্যাকেজ সুবিধা নেওয়া যাবে। এ প্যাকেজের খরচ ধরা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা।

হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী) : এটি হজ প্যাকেজ-১ এর চেয়ে কিছুটা সুলভ। এ প্যাকেজের হজযাত্রীদের মক্কায় হোটেল হারাম শরিফের বহিঃচত্বর থেকে ২-৩ কিলোমিটারের মধ্যে হবে এবং মদিনায় মারকাজিয়া এলাকার বাইরে মসজিদে নববী হতে ৮০০ মিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা করা হবে। মিনায় জোন-৫ এ তাঁবুর অবস্থান হবে এবং মিনা-আরাফায় ‘সার্ভিস প্যাকেজ-৩’ ক্যাটাগরির সার্ভিসসহ মোয়াল্লেমের মাধ্যমে খাবার সরবরাহ করা হবে। হোটেলের অবস্থান দুই কিলোমিটারের বেশি দূরে হলে সৌদি সরকারের বিধান অনুসারে সালাওয়াত বাসের ব্যবস্থা থাকবে। এ প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।

উল্লেখ ২০২৬ সালের চারটি হজ প্যাকেজ ঘোষণা করে অন্তর্বর্তীকালীন সরকার। এর মধ্যে সরকারি হজ প্যাকেজ-১ (বিশেষ)-এ মোট খরচ ছিল ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা। সরকারি প্যাকেজ-২-এ ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা, সরকারি হজ প্যাকেজ-৩-এ ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা। এ ছাড়া বেসরকারি প্যাকেজে ছিল ৫ লাখ ৯ হাজার ১৮৫ টাকা।

২১ জুলাই ২০২৬
এ জি