বিএনপি সবসময় অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার রাজনীতিতে বিশ্বাস করে: অ্যাড. সলিম উল্লাহ সেলিম

চাঁদপুর পুরান বাজার জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব পালন করা হয়েছে। উপলক্ষে ৪ সেপ্টেম্বর শুক্রবার শহরের পুরান বাজার হরিসভা মন্দির কমপ্লেক্স প্রাঙ্গনে নিদব্যাপী নানান বর্ণাঢ্য আয়োজন করা হয়। এরমধ্যে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ, এলাকার কৃতি সন্তানদের সংবর্ধনা প্রদান, গীতা পাঠ প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান গীতিনাট্য এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাত ৯ টায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়ের সভাপতিত্বে এবং পুরান বাজার জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রাজিব দাসের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক তমাল কুমার ঘোষ, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ চন্দ্র মালাকার, সাধারণ সম্পাদক কার্তিক সরকার, সাবেক সভাপতি গোপাল চন্দ্র সাহা।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের মাটিতে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করবে, এটাই আমাদের প্রত্যাশা। বিএনপি সবসময় অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার রাজনীতিতে বিশ্বাস করে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে।

তিনি আরো বলেন, যুগে যুগে পৃথিবীতে অনেক মহামানবের আবিভাব ঘটে। আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণের আদর্শকে ধারণ করবেন। আমাদের চাঁদপুর জেলা বিএনপির সভাপতি এবং চাঁদপতি আসনের মাননীয় সাংসদ শেখ ফরিদ আহমেদ মানিক ভাই সম্প্রীতির চাঁদপুর বিনির্মাণে কাজ করে যাচ্ছেন। সাম্প্রদায়িকতা মুক্ত বাংলাদেশ, চাঁদপুর গড়তে হলে জামায়াত ইসলামকে প্রত্যাখ্যান করতে হবে। কোন অবস্থাতেই বাংলাদেশ জামাত ইসলামের উত্থান ঘটতে দেওয়া যাবে না।

তিনি আরও বলেন, চাঁদপুরে হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষের মধ্যে যে দীর্ঘদিনের সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন রয়েছে, তা অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো অপশক্তি যেন ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সেদিকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব মানিক ঘোষ, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক চন্দন দে, সাবেক কাউন্সিলর ফরিদ আহমেদ বেপারী, পুরান বাজার জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাবেক সভাপতি অনন্ত চক্রবর্তী এবং সাধারণ সম্পাদক সহদেব দেবনাথ।

এই সময় পুরানবাজার হরিসভা রোডের কৃতি সন্তানদের সংবর্ধিত করা হয়। সংবর্ধিত হলেন চাঁদপুর চেম্বার অব কমার্সেরর সভাপতি সুভাষ চন্দ্র রায়, শিক্ষক কার্তিক সরকার, জেলা কালচারাল অফিসার দিতি সাহা, ব্যাংক কর্মকর্তা মিঠুন ধর, তিথি কর্মকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রিয়ন্তী দেবনাথ, প্রাপ্তি ঘোষ। এছাড়াও পুরান বাজারের কৃতি সন্তান হিসেবে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, চাঁদপুর আশ্রমের সাধারণ সম্পাদক ও চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মৃণাল কান্তি দাসকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান গীতিনাট্য অনুষ্ঠিত হয়।

প্রতিবেদক: আশিক বিন রহিম/
৫ সেপ্টেম্বর ২০২৬