বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ১৩ দিনে ৬০ জনের মৃত্যু
দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও আট জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৭৩৩ জন। এ নিয়ে সেপ্টেম্বরের গত ১৩ দিনে ৬০ জনে মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মোট ১৫৬ জনের মৃত্যু হলো। এর মধ্যে শুধু আগস্ট মাসেই মারা গেছেন ৪৩ জন। এছাড়া সেপ্টেম্বরের গত ১৩ দিনে ৬০ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৭৩৩ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ৫৭০ জনে।
গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক হাজার ২৮২ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৯ হাজার ৩৭৫ জন।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি রোগী (৭০১ জন) হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া খুলনা বিভাগে ৩০২ জন, বরিশালে ১৯১ জন, চট্টগ্রামে ১৯১ জন, ময়মনসিংহে ১১০ জন, রংপুরে ৮৬ জন ও রাজশাহীতে ৪৫ জন।
চাঁদপুর টাইমস ডেস্ক/
১৪ সেপ্টেম্বর ২০২৬