‘বর্তমানে ভূমিসেবা অনেক সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর হয়েছে’
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জে ভূমি মেলা ২০২৬ উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে) বিকেলে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের একতা বাজারে উপজেলা ভূমি অফিসের আয়োজনে এ সভার আয়োজন করা হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন বালিথুবা পূর্ব ইউনিয়নের ভারপ্রাপ্ত ভূমি সহকারী কর্মকর্তা ফরিদুল ইসলাম পাটওয়ারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান।
রূপসা দক্ষিণ ইউনিয়নের ভারপ্রাপ্ত ভূমি সহকারী কর্মকর্তা মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আবু বকর ছিদ্দিক, বালিথুবা পূর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাহাদাত হোসেন খান নয়ন, বিএনপি নেতা মিজানুর রহমান খান, যুবদল নেতা নাজমুল কবির খান এবং মূলপাড়া উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক সাজ্জাদ হোসেন মজুমদার।
প্রধান অতিথির বক্তব্যে এ আর এম জাহিদ হাসান বলেন, বর্তমানে ভূমিসেবা অনেক সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর হয়েছে। সাধারণ মানুষকে দালালচক্র ও হয়রানি থেকে মুক্ত রাখতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। তিনি ভূমি–সংক্রান্ত সেবা গ্রহণে জনগণকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
সভায় বক্তারা ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরে ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারের উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
-শিমুল হাছান, ২০ মে ২০২৬