ফরিদগঞ্জে অবৈধ ড্রেজার ড্রেজার মেশিন ও পাইপ বিনষ্ট
চাঁদপুরের ফরিদগঞ্জে কৃষি জমির শ্রেনি পরিবর্তন ও অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের অপরাধে সাঁড়াশি অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে একটি ড্রেজার মেশিন ও বিপুল পরিমাণ পাইপ বিনষ্ট করে ধ্বংস করে দেওয়া হয়েছে।
রোববার (১ নভেম্বর) বিকেলে উপজেলার ১৫ নং রূপসা উত্তর ইউনিয়নের দক্ষিণ বদরপুর এলাকার হাজীবাড়ি (মাস্টার বাড়ি) সংলগ্ন বিলে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিছুর রহমান।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অবৈধভাবে ড্রেজার বসিয়ে জমির স্বাভাবিক অবস্থা বিনষ্ট করার অপরাধে স্থানীয় সোহাগ ও মনির হোসেন নামে দুই ব্যক্তিকে ইতিপূর্বেও একাধিকবার সতর্ক করেছিল প্রশাসন। তবে সেই নির্দেশনা উপেক্ষা করে বালু উত্তোলন অব্যাহত রাখলে গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে সেখানে হঠাৎ অভিযান চালানো হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত সোহাগ ও মনির ঘটনাস্থল থেকে কৌশলে সটকে পড়েন।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অবৈধ ড্রেজার মেশিনটি ভেঙে চুরমার করা হয় এবং বালু উত্তোলনের পাইপগুলো কেটে বিনষ্ট করা হয়। ধ্বংসকৃত এসব সরঞ্জাম পরবর্তী আইনি ব্যবস্থার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিছুর রহমান জানান, সরকারি নির্দেশনা অমান্য করে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা গুরুতর দণ্ডনীয় অপরাধ। ঘটনাস্থলে কাউকে হাতে-নাতে পাওয়া না গেলেও মেশিন ও পাইপ ধ্বংস করা হয়েছে। ফসলি জমি রক্ষা ও পরিবেশ সুরক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রতিবেদক: শিমুল হাছান,
১ নভেম্বর ২০২৬