১৮ বছরের নিচে ফেসবুক ব্যবহার বন্ধে সংসদে প্রস্তাব তুলবেন ইঞ্জি. মমিনুল হক এমপি
শিক্ষার মান উন্নয়ন ও সামাজিক অবক্ষয় রোধে করণীয় নিয়ে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হক হাজীগঞ্জের সকল শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের সাথে মতবিনিময় করেছেন।
শুক্রবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলার সকল কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার সভাপতি, অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সুপারিন্টেন্ডেন্টদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মমিনুল হক শিক্ষা ও সামাজিক উন্নয়নে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
১৮ বছরের নিচে ফেসবুক নিষিদ্ধের প্রস্তাব: তরুণ প্রজন্মকে মোবাইল ও ফেসবুকের অতিরিক্ত আসক্তি ও অপব্যবহার থেকে রক্ষা করতে তিনি আগামী সংসদ অধিবেশনে ১৮ বছরের নিচে ফেসবুক ব্যবহার বন্ধের লক্ষ্যে একটি আইন করার প্রস্তাব তুলবেন বলে এমপি ঘোষণা দেন।
শ্রেণিকক্ষে মোবাইল ব্যবহার নিষিদ্ধ: সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করার নির্দেশ দেন। পাশাপাশি শিক্ষকদেরও শ্রেণিকক্ষে মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার কঠোর তাগিদ দেন। প্রয়োজনে অভিভাবক ও শিক্ষার্থীদের জরুরি যোগাযোগের জন্য প্রতিটি প্রতিষ্ঠানে একটি অতিরিক্ত বা বিকল্প টেলিফোনের ব্যবস্থা রাখার কথা বলেন।
রাজনীতিমুক্ত ক্যাম্পাস: তিনি স্পষ্ট ঘোষণা দেন যে, এলাকার কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা হস্তক্ষেপ বরদাশত করা হবে না।
১ লাখ বৃক্ষরোপণ ও সবুজ কর্নার: সরকারি কর্মসূচির অংশ হিসেবে হাজীগঞ্জে মোট ১ লাখ গাছ রোপণ নিশ্চিত করা হবে। এর জন্য প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে একটি সুনির্দিষ্ট ‘সবুজ কর্নার’ (Green Corner) রাখতে হবে, যেখানে চারাগাছ ও ফুলগাছ রোপণ ও পরিচর্যা করা হবে।
ডিজিটাল হাজিরা ও ব্যাংকিং লেনদেন: স্বচ্ছতা ও আধুনিকায়ন নিশ্চিত করতে উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলকভাবে ডিজিটাল হাজিরা ব্যবস্থা চালু করতে হবে। এছাড়া প্রতিষ্ঠানের সব ধরনের আর্থিক আয়-ব্যয় এবং লেনদেন অবশ্যই ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পন্ন করার নির্দেশ দেন।
দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা: ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের সরকারি সম্মানি বিতরণে যাতে কোনো প্রকার অবৈধ আর্থিক লেনদেন বা দালালি না হতে পারে, সে বিষয়ে শিক্ষার্থীদের মাধ্যমে সমাজ ও অভিভাবকদের সচেতন করার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান।
মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি: স্থানীয় পর্যায়ে মাদক ও জুয়ার প্রকোপ বন্ধ করতে ইমাম, শিক্ষক এবং গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে প্রতিটি ওয়ার্ডে ১১ থেকে ১৩ সদস্যবিশিষ্ট বিশেষ কমিটি গঠনেরও প্রস্তাব দেন তিনি।
স্টাফ করেসপন্ডেট/
২৪ জুলাই ২০২৬