ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও আত্মনিয়ন্ত্রণের অধিকারসহ ফিলিস্তিনি জনগণের ন্যায্য দাবির প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেড় দশকের শাসনের পর ক্ষতবিক্ষত বাংলাদেশকে পুনর্গঠনে সরকার ‘রিকভারি, রেস্টোরেশন অ্যান্ড রিকন্সট্রাকশন’ বা ‘থ্রি-আর’ কৌশল গ্রহণ করেছে বলে বিশ্বমঞ্চে তুলে ধরেন তিনি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে ফিলিস্তিন ইস্যু ও বৈশ্বিক সংকট নিয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করেন প্রধানমন্ত্রী।
ফিলিস্তিন ইস্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, স্বাধীনতাকামী ফিলিস্তিনি জনগণের দুর্দশা নিয়ে বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণের মনে গভীর উদ্বেগ রয়েছে। আত্মনিয়ন্ত্রণাধিকার এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের অধিকারসহ তাদের সব ন্যায্য দাবির প্রতি বাংলাদেশ পুনরায় তার অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করছে।
বিশ্বের চলমান সংঘাত ও অর্থনৈতিক সংকট নিয়ে আলোকপাত করতে গিয়ে তিনি বলেন, মানবসৃষ্ট সংঘাতের ফলে বিশ্বের বিভিন্ন দেশে অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে, যা বিপুল জনগোষ্ঠীকে বাস্তুচ্যুত করছে এবং মানবিক সংকট তীব্র করে তুলছে।
যুদ্ধ ও সংঘাতের প্রভাবে বিশ্ব অর্থনীতি কঠিন চাপের মুখে পড়েছে উল্লেখ করে তিনি সতর্ক করে বলেন, জ্বালানি নিরাপত্তা-সংকট, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির ফলে আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে।
দেশের অভ্যন্তরীণ রাজনীতি ও অর্থনৈতিক পুনর্গঠন প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, দেড় দশকের বেশি সময়ের ধারাবাহিক আন্দোলন-সংগ্রামের পথ ধরে বাংলাদেশ বর্তমানে ফ্যাসিবাদমুক্ত হয়েছে। দেশের জনগণই সব রাজনৈতিক ক্ষমতার উৎস এবং গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাচ্ছে।
ক্ষতবিক্ষত রাষ্ট্রকে নতুন করে গড়ে তোলার রূপরেখা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশকে পুনর্গঠনে বর্তমান সরকার ‘রিকভারি, রেস্টোরেশন অ্যান্ড রিকন্সট্রাকশন’ অর্থাৎ ‘থ্রি-আর’ কৌশল নিয়েছে। এই কৌশল বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহ পুনর্গঠন, অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং টেকসই উন্নয়নের ভিত্তি আরও শক্তিশালী করার সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
চাঁদপুর টাইমস ডেস্ক/
২৫ সেপ্টেম্বর ২০২৬