রোহিঙ্গা জেনোসাইড : যুক্তরাজ্যের আহ্বানে নিরাপত্তা পরিষদের বৈঠক

২০১৭ সালে রাখাইন রাজ্যে সামরিক অভিযানের সময় রোহিঙ্গাদের বিরুদ্ধে জেনোসাইড চালিয়েছে মিয়ানমার
রোহিঙ্গা জেনোসাইড সংঘটনের দায়ে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের দেয়া রায়ের পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আজ বুধবার জরুরি বৈঠক ডাকা হয়েছে। যুক্তরাজ্যের আহ্বানের পরিপ্রেক্ষিতে এ বৈঠক ডাকা হয়।

১৯ নভেম্বর আইসিজে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে রায় দেন। রায় প্রকাশের এক সপ্তাহের মাথায় নিরাপত্তা পরিষদের বৈঠক বসছে। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে যুক্তরাজ্যের স্থায়ী মিশন মঙ্গলবার রাতে এক্স হ্যান্ডলে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, যুক্তরাজ্য আগামী মাসেও একই বিষয়ে নিরাপত্তা পরিষদে আরেকটি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে। রোহিঙ্গাদের বিরুদ্ধে জেনোসাইডের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করতে এবং চলমান মানবিক সংকটের অবসান ঘটাতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখা হবে।

গাম্বিয়ার দায়ের করা মামলায় আইসিজে ৯-৬ ভোটে ঐতিহাসিক ওই রায় দেন। রায়ে আদালত বলেন,‘ ২০১৭ সালে রাখাইন রাজ্যে সামরিক অভিযানের সময় মিয়ানমার রোহিঙ্গাদের বিরুদ্ধে জেনোসাইড চালিয়েছে, যা ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশনের লঙ্ঘন।’

প্রসঙ্গত, আইসিজের এ রায়ের পরপরই যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে বেশ কয়েকটি কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে।

রায় ঘোষণার দিনই ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত এ নৃশংসতাকে যুক্তরাজ্যের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জেনোসাইড হিসেবে স্বীকৃতি দেয়ার ঘোষণা দেন। এ ছাড়া মিয়ানমারের পাঁচজন শীর্ষ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।

পাশাপাশি বেসামরিক নাগরিকদের ওপর বিমান হামলা বন্ধ করতে মিয়ানমারে বিমানের জ্বালানি (এভিয়েশন ফুয়েল) সরবরাহ ও রপ্তানি নিষিদ্ধ করার লক্ষ্যে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে দেশটি। গত সপ্তাহে লন্ডন থেকে মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকেও বহিষ্কার করা হয়েছে।

রায়ের পর কেন নিরাপত্তা পরিষদে

জাতিসংঘ সনদের ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী, জাতিসংঘের প্রতিটি সদস্যরাষ্ট্র যেকোনো মামলায় পক্ষভুক্ত থাকলে আইসিজের সিদ্ধান্ত মেনে চলতে অঙ্গীকারবদ্ধ। কোনো পক্ষ যদি আদালতের রায় অনুযায়ী তার ওপর অর্পিত বাধ্যবাধকতা পালনে ব্যর্থ হয়,তবে অপর পক্ষ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের শরণাপন্ন হতে পারে।

গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যরাষ্ট্রের মধ্যে অন্তত ৯ সদস্যরাষ্ট্রের সমর্থন প্রয়োজন। তবে স্থায়ী পাঁচ সদস্যরাষ্ট্রের (যুক্তরাষ্ট্র,যুক্তরাজ্য, রাশিয়া,চীন ও ফ্রান্স) যে কেউ ভেটো দিলে প্রস্তাব আটকে যায়।

মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায়ের ফলে গাজার ফিলিস্তিনিদের ওপর গোষ্ঠী নিধনের জবাবদিহির বিষয়টি জোরালো হতে পারে। সে ক্ষেত্রে নিরাপত্তা পরিষদে ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কেমন হবে- সেটা স্পষ্ট নয়। এ ছাড়া চীন ও রাশিয়া দীর্ঘদিন ধরে মিয়ানমারের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদে কোনো পদক্ষেপ নিতে দেয়নি।

২৬ নভেম্বর ২০২৬
এ জি