চাঁদপুরের ফরিদগঞ্জে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে বিশাল সচেতনতামূলক র্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (২৬ জুন) সকালে উপজেলা যুব বিভাগের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে কয়েকশ নেতাকর্মী অংশ নেন। ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে র্যালিটি শুরু হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক ও বাজার প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ডে এসে সমাবেশে মিলিত হয়। উপজেলা ও পৌরসভার বিভিন্ন ইউনিটের প্রায় পাঁচ শতাধিক যুব বিভাগের নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র্যালিটি এক পর্যায়ে জনসচেতনতামূলক মিছিলে রূপ নেয়।
ফরিদগঞ্জ পৌরসভা জামায়াতের সভাপতি মহিবুল্লাহ সাদ্দামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর ও যুব বিভাগের প্রধান উপদেষ্টা মাওলানা মোহাম্মদ ইউনুছ। তিনি তাঁর বক্তব্যে মাদকের ভয়াল গ্রাস থেকে সমাজকে রক্ষায় রাজনৈতিক দলগুলোর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
মাওলানা মোহাম্মদ ইউনুছ হেলাল আরও বলেন, “মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজনৈতিক দলগুলোর আন্তরিক ভূমিকা অত্যন্ত জরুরি। কোনো মাদকসেবী বা কারবারি ধরা পড়লে রাজনৈতিক নেতারা যদি তাদের পক্ষে তদবির করা বন্ধ করেন এবং আইনের সুষ্ঠু প্রয়োগে সহযোগিতা করেন, তবেই সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব হবে।” তিনি আরও বলেন, মাদক একটি পরিবার ও জাতিকে ধ্বংস করে দিচ্ছে, তাই এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা যুব বিভাগের সেক্রেটারি রহমতে রাব্বি মাজেদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা কফিল উদ্দিন, পৌরসভা আমীর মাওলানা মিজানুর রহমান, পৌর সেক্রেটারি মাওলানা ফখরুল ইসলামসহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান।
প্রতিবেদক: শিমুল হাছান,
২৬ জুন ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur