ফরিদগঞ্জে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার
চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশি অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ খোরশেদ আলম (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত খোরশেদ আলম উপজেলার উত্তর চরবড়ালী গ্রামের মৃধা বাড়ির ছমিদ মৃধার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহর দিকনির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাসুদুল হক ও জুমায়েত হোসেন জুয়েলসহ পুলিশের একটি বিশেষ টিম মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ফরিদগঞ্জ চৌরাস্তা এলাকার কারিগোর দোকানের সামনে সন্দেহভাজন হিসেবে খোরশেদ আলমকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি চালিয়ে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ৩৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক নির্মূলে থানা পুলিশের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
প্রতিবেদক: শিমুল হাছান/
১৩ সেপ্টেম্বর ২০২৬