ফরিদগঞ্জে অবৈধ ড্রেজার উচ্ছেদ, সাংবাদিককে হুমকি
চাঁদপুরের ফরিদগঞ্জে অবৈধ ড্রেজার ও প্লাস্টিক পাইপ ভেঙে ও কেটে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। অবৈধভাবে ড্রেজার চালানোর খবর পেয়ে রাতে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান মানিক ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহ। অভিযান চলাকালে অভিযুক্ত মাছ চাষির বিরুদ্ধে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতিকে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। তবে সংবাদকর্মীদের সার্বিক নিরাপত্তার আশ্বাস দিয়েছে প্রশাসন।
সোমবার (২৩ নভেম্বর ২০২৬) শেষ বিকেল থেকে রাত পর্যন্ত ফরিদগঞ্জ পৌর এলাকার কেরোয়া গুদারাচর এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় পুলিশ ফোর্স ও সরকারি কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সরেজমিন সূত্রে জানা যায়, গুদারাচরে প্রায় ৭০ শতাংশ নিচু জমি ভরাটের কাজ চলছিল। খবর পেয়ে গণমাধ্যমকর্মী, পুলিশ ও ইউএনও ঘটনাস্থলে যান। উপস্থিত স্থানীয়রা জানান, রোববার দুপুরে ড্রেজারটি চালু করা হয় এবং অদূরে একটি মসজিদের পাশে নিচু জমি ভরাট করা হচ্ছিল।
ড্রেজার ও জমির মালিকপক্ষের প্রতিনিধি কে আছেন-ইউএনও এমন প্রশ্ন করলে উপস্থিত মোহাম্মদ আলী নিজেকে চরের মাছ চাষি হিসেবে পরিচয় দেন। ইউএনও বেআইনি কাজের কথা বললে তিনি অপরাধ স্বীকার করেন। তিন মাস ধরে অবৈধভাবে ড্রেজার চালানোর বিষয়ে ইউএনও জানতে চাইলে মোহাম্মদ আলী দাবি করেন, ওই ড্রেজারটি অন্যটির ছিল।
বিধি ও বাস্তবতা বিবেচনায় ইউএনও দুই লাখ টাকা জরিমানা নির্ধারণ করলে মোহাম্মদ আলী জরিমানা কমানোর মৌখিক আবেদন করেন। ইউএনও এক লাখ টাকা মওকুফ করলেও তিনি রাজি হননি। এরপর ইউএনওর নির্দেশে কর্মচারী ও শ্রমিকরা ড্রেজারের পাইপ ও মেশিন ভাঙতে শুরু করেন।
এ সময় মাছ চাষি মোহাম্মদ আলী ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামালকে উদ্দেশ্য করে চিৎকার করে বলেন, ভবিষ্যতে আপনি ও সাংবাদিকরাও ফরিদগঞ্জে থাকবেন, আমরাও থাকবো, তখন দেখা যাবে।
হুমকির তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়ে প্রেসক্লাবের সভাপতি ইউএনও-নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মানিক ও ওসি মোহাম্মদ এরশাদ উল্লাহর দৃষ্টি আকর্ষণ করেন। দুজনেই মোহাম্মদ আলীকে সতর্ক করে বলেন, এভাবে কথা বলা ঠিক হয়নি; আপনারা অবৈধ কাজ করছেন।
সাংবাদিকদের নিরাপত্তার বিষয়ে প্রেসক্লাব সভাপতির প্রশ্নের জবাবে ইউএনও মেহেদী হাসান মানিক বলেন, আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের, আমরা নজর রাখবো।
তিনি আরও বলেন, কেরোয়া গ্রামের গুদারাচরে সরেজমিন গিয়ে নিষিদ্ধ ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ, আলামত ও স্বীকারোক্তি পেয়েছি। বিধি মোতাবেক জরিমানা করা হলেও মালিকপক্ষের অসহযোগিতার কারণে মালামাল অকেজো করে দিতে বাধ্য হয়েছি।
প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল বলেন, এ ধরনের হুমকি স্বাধীন গণমাধ্যম ও সংবাদকর্মীদের নিরাপত্তার জন্য শঙ্কার। আমরা তথ্য মন্ত্রণালয় ও সরকারের কাছে এর স্থায়ী প্রতিকার চাই। সংশ্লিষ্ট দায়িত্বশীলদের উদ্দেশ্যে তিনি প্রশ্ন রাখেন-নিষিদ্ধ ড্রেজার বসিয়ে অবৈধ কর্মকাণ্ড চালানো কি অপরাধ নয়, নাকি সাংবাদিকরা প্রতিবেদন করলেই অপরাধ?
থানার ওসি মোহাম্মদ এরশাদ উল্লাহ বলেন, ঘটনার সবকিছুরই আমরা প্রত্যক্ষদর্শী। গণমাধ্যমকর্মীদের হুমকি দেওয়া আইনত অপরাধ। লিখিত অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব। জনগণের জানমালের নিরাপত্তার দায়িত্ব নিয়েই আমরা দায়িত্ব পালন করছি।
ফরিদগঞ্জ প্রতিনিধি/
২৪ নভেম্বর ২০২৬