প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত এখন চাঁদপুর

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন চাঁদপুরের লাখো মানুষ। তার সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

শহরজুড়ে বর্ণিল সাজসজ্জা, সভা মঞ্চসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

দলীয় একাধিক সূত্র জানায়, দুপুর সাড়ে ১২টায় প্রধানমন্ত্রী চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ওয়ারুক বাজার এলাকায় ‘খোদ খাল’ পুন:খনন কাজের উদ্বোধন, ও দুপুর পৌনে ২টায় চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষের হাট সংলগ্ন ‘বিশ্ব খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করবেন তিনি।

পরে চাঁদপুর সার্কিট হাউসে যাত্রাবিরতি শেষে বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল পাঁচটায় চাঁদপুর ক্লাবে আয়োজিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী পুনরায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। রাত সাড়ে নয়টায় তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী সড়কপথে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশে রওনা হন। বেলা সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত একটি পথ সভায় তার অংশ নেন।

এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক জানান, ‘ঐতিহাসিক খালের গুরুত্ব বিবেচনা করে এবং জনস্বার্থে এর পুনঃখননের বিশেষ উদ্যোগ সরকার প্রধান নিজে গ্রহণ করেছেন। সব প্রস্তুতি নিয়েছি। কিছুক্ষণের মধ্যে তিনি এ খাল খনন উদ্বোধন করবেন।’

জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমদ মানিক বলেন, ‘প্রধানমন্ত্রী চাঁদপুরে আসবেন এতে জেলার জনগণ ও নেতাকর্মীরা উজ্জীবিত। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন উনার বক্তব্য শুনার জন্য।প্রধানমন্ত্রীর এ আগমন আমাদের জন্য একটি ঐতিহাসিক দিন। 

এর আগে ১৯৭৮ সালে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এ খোদ্দ খাল খনন কার্যক্রমের প্রথম উদ্বোধন করেছিলেন। দীর্ঘ ৪৬ বছর পর তার উত্তরসূরি হিসেবে বর্তমান প্রধানমন্ত্রী একই খালের আধুনিকায়ন ও পুন:খনন কাজের উন্নয়ন কার্যক্রম উদ্বোধন করতে আসছেন। দৈনিক কালের কণ্ঠ

১৬ মে ২০২৬

এ জি