চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে মাদরাসা ছাত্রীর মৃত্যু, পরিচয় মিললো আইডি কার্ডে

চাঁদপুরে সাগরিকা ট্রেনের নিচে কাটা পড়ে এক পথচারী মাদরাসা ছাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে চাঁদপুর শহরের ছায়াবানী রেলক্রসিংয়ের পূর্বে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সাগরিকা ট্রেনটি চাঁদপুর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পর ছায়াবানী রেলক্রসিং পার হয়ে কিছুটা পূর্ব পাশে পৌঁছালে ওই পথচারী শিক্ষার্থী ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। পরে নিহতের কাছে থাকা চাঁদপুর বিষ্ণুদী সিনিয়র মাদরাসার একটি পরিচয়পত্রের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়।

পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, নিহতের নাম তায়েবা আক্তার। পিতার নাম তাজুল ইসলাম এবং মাতার নাম আমেনা বেগম উল্লেখ রয়েছে। সে ৯ম শ্রেণীর ছাত্রী বলে উল্লেখ রয়েছে।
রোল ৫৬। রক্তের গ্রুপ O-। পরিচয়পত্রে জন্মতারিখ ২৪-০৭-২০১২ এবং একটি মোবাইল নম্বরও উল্লেখ রয়েছে।

তবে দুর্ঘটনার সময় তিনি কেন রেললাইনের ওপর ছিলেন এবং কীভাবে ট্রেনের নিচে কাটা পড়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে চাঁদপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

চাঁদপুর রেলওয়ে থানার ওসি রাজিব বলেন, ঘটনাস্থল থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার অভিভাবকেরা থানায় এসেছেন।

পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রতিবেদক: কবির হেসেন মিজি,
১৩ আগস্ট ২০২৬