Home / চাঁদপুর / নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরে পদ্মা-মেঘনায় ইলিশ ধরা শুরু

নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরে পদ্মা-মেঘনায় ইলিশ ধরা শুরু

দুই মাসের নিষেধাজ্ঞা শেষে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মধ্যরাত থেকেই চাঁদপুরের পদ্মা-মেঘনায় ইলিশ ধরা শুরু হচ্ছে। জাটকা রক্ষা কার্যক্রম সফল করতে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ইলিশ ধরা নিষেধ ছিল। 

চাঁদপুর জেলার মতলবের ষাটনল থেকে লক্ষীপুর জেলার চর আলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা ছিল এই সময়ে। তাই নদীতে মাছ ধরতে পারেনি জেলেরা। এ সময় কষ্টে কটেছে তাদের দিন। বৃহস্পতিবার রাত ১২টার পর নদীতে নামতে সব প্রস্তুতি নিয়েছে জেলেরা। অপেক্ষার পালা শেষ।

দীর্ঘ দুই মাস পর নিজ পেশায় ফিরছে প্রায় অর্ধলাখ জেলে। এরমধ্যে জাল, নৌকা মেরামত করে প্রস্ততি সেরেছেন তারা। ইলিশ ধরা পড়লে এতোদিনের ঋণ পরিশোধের আশা জেলেদের। অভিযান চলাকালে প্রত্যেক জেলে চার ধাপে ৪০ কেজি করে ভিজিএফ খাদ্য সহায়তা পেয়েছে। যদিও চাঁদপুরের জেলেরা অনেক বেপরোয়া বলছে নৌ পুলিশ। তথাপিও কর্মসূচি সফল করতে সর্বাত্মক চেষ্টা করা হয়েছে বলে জানান চাঁদপুর নৌ পুলিশের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান।

মৎস্য বিভাগ বলছে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী  অভিযান বাস্তবায়ন করা গেছে। নদীতে বিচরণ শেষে জাটকাগুলো নিরাপদে সাগর মোহনায় ফিরতে পেরেছে।

চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকতার্ মির্জা ওমর ফারুক বলেন, অভিযানের মাঝামাঝি সময়ে তেল সংকট দেখা দিলেও পরে তা সমাধান করা হয়েছে। সবশেষ এবার অসাধু জেলেরা দল বেঁধে নদীতে নামতে পারেনি। সে সুযোগ তারা পায়নি।

জেলা মৎস্য কর্মকর্তা মো. ফকরুল ইসলাম বলেন, নিষেধাজ্ঞার সময়ে প্রায় ৬০০ জেলেকে আটক করা হয়েছে। কারেন্ট জাল জব্দ করা হয়েছে ২০ কোটি মিটার। আর নিয়মিত মামলা হয়েছে ২৪০টি। এবার অভিযান সফল করতে টাস্কফোর্স সর্বোচ্চ সচেষ্ট ছিল। আশা করছি এ বছর জাটকা রক্ষা কার্যক্রম অনেকটাই সফল হয়েছে।

স্টাফ করেসপন্ডেট/ ১ মে ২০২৬