চাঁদপুরের কচুয়ায় একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার কড়ইয়া তিন রাস্তার মোড় এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
র্যাব-১১, সিপিসি-২ (কুমিল্লা ক্যাম্প) সূত্রে জানা গেছে, নিয়মিত টহল চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর-হাজীগঞ্জ এলাকা থেকে একটি কাভার্ড ভ্যান বিপুল পরিমাণ মাদক নিয়ে ঢাকার দিকে যাচ্ছে। সংবাদের সত্যতা যাচাইয়ে র্যাব সদস্যরা সকাল ৭টার দিকে কড়ইয়া মৎস্য আড়তের সামনের হাজীগঞ্জ, কচুয়া ও গৌরিপুর আঞ্চলিক মহাসড়কে একটি বিশেষ চেকপোস্ট বসান।
সকাল ৭টা ২০ মিনিটে একটি সন্দেহভাজন কাভার্ড ভ্যানকে থামার সংকেত দিলে চালকসহ তিনজন গাড়ি ফেলে পালানোর চেষ্টা করে। পরে র্যাব সদস্যরা ধাওয়া করে তাদের আটক করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, রাকিব (২৩) পিতা- কবির আহমেদ, গ্রাম- মাছিমপুর, ফেনী, শাকিল আহমেদ (২৫) পিতা- সরোয়ার হোসেন, গ্রাম- কামারচর, শেরপুর, আসাদুল ইসলাম (২০) পিতা- আব্দুল হান্নান, গ্রাম- সেটপুর, সাতক্ষীরা।
গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যে কাভার্ড ভ্যানটিতে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০টি বান্ডিল উদ্ধার করা হয়। প্রতিটি বান্ডিলে ৫ কেজি করে মোট ৫০ কেজি গাঁজা পাওয়া যায়, যা স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি (ঢাকা মেট্রো-ন-২১-৪৩৯৮) জব্দ করেছে র্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করে বলেন, তারা দীর্ঘদিন ধরে পণ্যবাহী যানের আড়ালে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক সরবরাহ ও কেনাবেচা করে আসছিল। এই ঘটনায় কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের করে চাঁদপুর কোর্টে সোপর্দ করেন ।
কচুয়াি প্রতিনিধি/ ৩০ এপ্রিল ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur