মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে শিক্ষক এবং শিক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে প্রবেশ ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। বুধবার জাতীয় সংসদে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ড.আ ন ম এহছানুল হক মিলন।
চট্টগ্রাম-২ আসনের সরকারি দলের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ইতোমধ্যে এ বিষয়ে একটি আদেশ জারি করেছে। আদেশ অনুযায়ী,মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে প্রবেশ বা ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
তিনি জানান,এ বিষয়ে নীতিমালা প্রণয়নের বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন।
শিক্ষামন্ত্রী আরও উল্লেখ করেন,বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা,সাইবার বুলিং প্রতিরোধ এবং শ্রেণিকক্ষে পড়াশোনায় মনোযোগ বাড়ানোর লক্ষ্যে মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ অথবা সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা হচ্ছে।
১৯ নভেম্বর ২০২৬
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur