তরুণ প্রজন্মকে অবক্ষয়ের দিকে ঠেলে দিয়েছিল ফ্যাসিস্ট শাসন: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এছসানুল হক মিলন বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দেশের তরুণ প্রজন্ম সামাজিকভাবে অবক্ষয়ের শিকার হয়েছিল এবং তাদের অনেকেই মাদকাসক্ত হয়ে পড়ে। তবে সে সময় কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
শনিবার (২ মে) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন অনুষ্ঠানে এসে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণদের জন্য আনন্দমুখর শিক্ষা ও খেলাধুলার মাধ্যমে জীবনযাপন নিশ্চিত করতে কাজ করছেন। এর মাধ্যমে তাদের শারীরিক ও মানসিক উন্নয়ন ঘটানোর লক্ষ্য নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আগে এই ধরণের কালচারাল অনুষ্ঠান করতেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেখান থেকে সারা বাংলাদেশের উদীয়মান কালচারাল যারা ছিল, তারা বেরিয়ে এসেছিলেন। এবার তারই সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন কুঁড়ি স্পোর্টস সারা বাংলাদেশে আয়োজন করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য এম হান্নান এবং চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক মো. এরশাদ উদ্দিনসহ খেলোয়াড়, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও দলীয় নেতাকর্মীরা।
প্রতিবেদক: শরীফুল ইসলাম/ ২ মে ২০২৬