জাতীয় পর্যায়ে সাফল্যে চাঁদপুর জেলা প্রশাসকের শুভেচ্ছা পেলেন সামিরা

জাতীয় পর্যায়ে ধারাবাহিক সাফল্য অর্জনকারী চাঁদপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সামিরা মেহনাজ নুসরাত চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সামিরা সম্প্রতি মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত জাতীয় রচনা প্রতিযোগিতায় সারা দেশে দ্বিতীয় স্থান অর্জন করেন। এর আগে তিনি প্রতিযোগিতাটিতে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন।

এ ছাড়া মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত জাতীয় রচনা প্রতিযোগিতায় সারা দেশে তৃতীয় স্থান অর্জন করেন সামিরা। দুই প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে অর্জিত পুরস্কার তিনি যথাক্রমে স্বরাষ্ট্রমন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর কাছ থেকে গ্রহণ করেন।

সৌজন্য সাক্ষাৎকালে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সামিরার অসাধারণ সাফল্যের জন্য তাঁকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, একজন শিক্ষার্থীর এমন জাতীয় অর্জন শুধু তাঁর ব্যক্তিগত গৌরব নয়, এটি চাঁদপুর জেলার জন্যও অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়।

জেলা প্রশাসক সামিরার মেধা, অধ্যবসায় ও সৃজনশীলতার প্রশংসা করে ভবিষ্যতেও শিক্ষা, সাহিত্য ও গবেষণার ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রাখার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

সামিরা জেলা প্রশাসকের আন্তরিক শুভেচ্ছা ও মূল্যবান দিকনির্দেশনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। সৌজন্য সাক্ষাৎ শেষে জেলা প্রশাসক ও সামিরা স্মৃতিচিহ্ন হিসেবে আলোকচিত্রে অংশ নেন।

সামিরা মেহনাজ নুসরাত চাঁদপুর শহরের নাজিরপাড়ার বাসিন্দা। তাঁর বাবা জি এম শাহজাহান আহমেদ এবং মা মোসা. মোবাশ্বেরা আক্তার। জাতীয় শিক্ষা সপ্তাহ, বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান মেলা, সৃজনশীল মেধা অন্বেষণ, বাংলা রচনা, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও জাতীয় শিশু পুরস্কারসহ বিভিন্ন প্রতিযোগিতায় উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে অসংখ্য পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন তিনি।

সামিরার ধারাবাহিক জাতীয় সাফল্য এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে পাওয়া এই স্বীকৃতি তাঁর ভবিষ্যৎ পথচলায় নতুন অনুপ্রেরণা যোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাঁর এ অর্জন চাঁদপুরের অন্যান্য শিক্ষার্থীদেরও জাতীয় পর্যায়ে সাফল্য অর্জনে উৎসাহিত করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী,
১৭ আগস্ট ২০২৬