Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / চাঁদপুর সদর উপজেলা পরিষদে ২১ কোটি ৬৮ লাখ টাকার বাজেট অনুমোদন
সদর

চাঁদপুর সদর উপজেলা পরিষদে ২১ কোটি ৬৮ লাখ টাকার বাজেট অনুমোদন

চাঁদপুর সদর উপজেলা পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ২১ কোটি ৬৮ লাখ ৭১ হাজার ১১৭ টাকার বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত বাজেট অধিবেশনে উপজেলা পরিষদের প্রশাসক এস.এম.এন. জামিউল হিকমা সভাপতিত্ব করেন এবং বাজেট উপস্থাপন করেন।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৮ কোটি ৬৪ লাখ ২০ হাজার টাকা। এর মধ্যে সম্ভাব্য ব্যয় ৬৬ লাখ ২৪ হাজার টাকা এবং উদ্বৃত্ত ধরা হয়েছে ৭ কোটি ৯৭ লাখ ৯৬ হাজার টাকা। এছাড়া উন্নয়ন খাতে সম্ভাব্য আয় ধরা হয়েছে ২ কোটি ২০ লাখ টাকা। পূর্ববর্তী উন্নয়ন তহবিলের ১১ কোটি ৫০ লাখ ৭৫ হাজার ১১৭ টাকা যুক্ত করে মোট ২১ কোটি ৬৮ লাখ ৭১ হাজার ১১৭ টাকার উন্নয়ন বাজেট প্রস্তাব ও অনুমোদন করা হয়।

সভায় উপজেলা পরিষদের নিজস্ব রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে আবাসিক ভবন থেকে নিয়মিত ভাড়া আদায়, ইউনিয়ন পরিষদের বহুতল ভবনের নকশা অনুমোদন ফি বৃদ্ধি এবং উপজেলা পরিষদের হলরুম ও অডিটোরিয়াম ভাড়ার জন্য পৃথক নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়। এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে বছরে প্রায় ২০ লাখ টাকার অতিরিক্ত রাজস্ব আয় সম্ভব হবে বলে সভায় মতামত ব্যক্ত করা হয়।

বাজেট অধিবেশনে সভাপতির বক্তব্যে উপজেলা পরিষদের প্রশাসক এস.এম.এন. জামিউল হিকমা বলেন, জনগণের প্রত্যাশা ও এলাকার সার্বিক উন্নয়নকে সামনে রেখে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যেই এ বাজেট প্রণয়ন করা হয়েছে। উপজেলা পরিষদের নিজস্ব আয় বৃদ্ধি এবং উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অবকাঠামো উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নে এ বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।

পরে বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা শেষে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়।

বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি)’বাপ্পি দত্ত রনি, চাঁদপুর সদর উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ রাহাত আমিন পাটওয়ারী, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রফিকুল হাসান ফয়সল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শিহান পারভেজ, উপজেলা কৃষি কর্মকর্তা তপন রায়, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রবিউল ইসলাম, সিনিয়র উপজেলা মহৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক, উপজেলা শিক্ষা অফিসার আবু সাঈদ চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আফতাবুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মাহবুবুল আলম, উপজেলা সমবায় অফিসার নাজমুন্নাহার, উপজেলা যুব উন্নয়ন অফিসার সফিকুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান ভূঁইয়া, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মেহেদী হাসান মামুন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নুরুল ইসলাম পাঠান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুর রহমান খান, উপজেলা বন কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা আইসিটি অফিসার আনজুম রিয়াসাত, পল্লী বিদ্যুৎ সমিতি এজিএম সিফাত উদ্দিন সহ চাঁদপুর সদর উপজেলা সকল ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তারা।

প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী,
২৯ জুন ২০২৬