ড্যাফোডিল ইউনিভার্সিটির উদ্যোগে চাঁদপুর প্রেস ক্লাবে ৬ ও ৭ নভেম্বর সাংবাদিকদের প্রশিক্ষণ

চাঁদপুর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক সাংবাদিকতার সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাব ও ব্যবহার সম্পর্কে ধারণা দিতে দুই দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

৬ ও ৭ নভেম্বর (শুক্রবার ও শনিবার) চাঁদপুর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণের বিষয় নির্ধারণ করা হয়েছে ‘আধুনিক সাংবাদিকতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব’।

প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড.মো.আব্দুল কাবিল খানের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রশিক্ষক দল। চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনের (তৃতীয় তলা) এ প্রশিক্ষণে চাঁদপুর প্রেস ক্লাব কর্তৃক চূড়ান্তভাবে মনোনীত সাংবাদিকরা অংশগ্রহণের সুযোগ পাবেন।

সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন,প্রযুক্তিনির্ভর সংবাদ সংগ্রহ ও সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

প্রশিক্ষণ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীর সঙ্গে ০১৭১১০১৩৪৪৪ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

এদিকে,ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহারবিষয়ক প্রশিক্ষণ আয়োজনের অনুমোদন দেয়ায় বিশ্ববিদ্যালয়টির চেয়ারম্যান ড.মো.সবুর খানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ।

নিজস্ব প্রতিবেদক
১৮ অক্টোবর ২০২৬