সমন্বিত পরিকল্পনায় চাঁদপুর পৌরবাসীকে সেবা দেওয়ার প্রত্যয়

চাঁদপুর পৌরসভার নাগরিক সেবার মানোন্নয়ন ও নগরের বিভিন্ন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তর, পেশাজীবী সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিদের মতামতকে গুরুত্ব দিয়ে সমন্বিত পরিকল্পনায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন নবাগত পৌর প্রশাসক দেবাশীষ চৌধুরী। একই সঙ্গে জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) চাঁদপুর পৌর পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠিত নগর সমন্বয় কমিটির সভায় পৌর প্রশাসক এসব কথা বলেন।

সভায় চাঁদপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক সংস্কার ও উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ ও সংস্কার, পয়ঃনিষ্কাশন, জলাবদ্ধতা নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ, যানজট নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্ত রাখা, ডেঙ্গু প্রতিরোধ এবং বেওয়ারিশ কুকুরের উপদ্রব নিয়ন্ত্রণসহ বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় পৌর প্রশাসক দেবাশীষ চৌধুরী বলেন, “চাঁদপুর পৌরসভার নাগরিক সেবার মানোন্নয়নে স্থানীয় সংসদ সদস্য, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, নাগরিক সমাজ এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর পরামর্শ ও সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। নগরবাসীর প্রয়োজনকে গুরুত্ব দিয়ে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে পৌরসভার উন্নয়ন ও নাগরিক সেবা কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “পৌরসভার যেসব বিষয় জনগণের জন্য বেশি গুরুত্বপূর্ণ, সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে চিহ্নিত করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। একটি সুন্দর, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব পৌরসভা গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন।”

সভায় অংশগ্রহণকারীরা চাঁদপুর পৌরসভার বিভিন্ন সমস্যা, নাগরিক সেবার সীমাবদ্ধতা এবং সম্ভাব্য সমাধান নিয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন। পৌর প্রশাসক দেবাশীষ চৌধুরী তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার বিষয়ে আশ্বস্ত করেন।

বক্তারা বলেন, পৌর এলাকার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে শুধু বিচ্ছিন্ন উদ্যোগ নয়, বরং দীর্ঘমেয়াদি ও বাস্তবভিত্তিক পরিকল্পনা প্রয়োজন। বিশেষ করে জলাবদ্ধতা, ড্রেনেজ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, যানজট, ফুটপাত দখল এবং বর্জ্য ব্যবস্থাপনার মতো বিষয়গুলোতে সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।

সভায় বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, নাগরিক সমাজের প্রতিনিধি ও সাংবাদিক বি এম হান্নান, এনজিও প্রতিনিধি ও সাংবাদিক আলম পলাশ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার, সদর উপজেলা কৃষি কর্মকর্তা, আইনজীবী ইখতিয়ার উদ্দিন শিশু, চাঁদপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কে এম সালাহউদ্দিন, চাঁদপুর শহর মহিলা দলের সভানেত্রী জোহরা আনোয়ার হীরা, সাধারণ সম্পাদক নাহিদা রহমান সেতু, সাংগঠনিক সম্পাদক ফেরদৌসি আক্তার ইশিতা ও সমাজকর্মী তানিয়া ইসলাম প্রমুখ।

চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা হিমাদ্রি খিসার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নগর সমন্বয় কমিটির সদস্য, বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: কবির হোসেন মিজি/
২৯ সেপ্টেম্বর ২০২৬