চাঁদপুর পুরানবাজারে শ্রমিক ইউনিয়নের আলোচনা ও দোয়া মাহফিল

মহান মে দিবস উপলক্ষে চাঁদপুরের প্রধান বানিজ্যিক এলাকা পুরানবাজার কাঁচামাল পট্টি এবং ভূষামাল পট্টি শ্রমিক ইউনিয়নের যৌথ আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১ মে শুক্রবার বিকেলে শহরের পুরানবাজার কাঁচামাল পট্টিতে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রথম পর্বে পুরানবাজারের প্রয়াত সকল ব্যবসায়ী ও শ্রমিকদের রুহের মাগফেরাত, অসুস্থদের সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পুরানবাজার ঐতিহাসিক জামে মসজিদের খতিব মুফতি ইব্রাহিম খলিল মাদানী। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মহান মে দিবসের তাৎপর্য, মালিক-শ্রমিকদের সম্পর্ক সুসংগঠিত করাসহ বিভিন্ন সমস্যা এবং সমাধানের বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

পুরানবাজার কাঁচামাল পট্টি শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হক সর্দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ খলিল দেওয়ানের পরিচালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর পৌর ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আসলাম তালুকদার, ওয়ার্ড যুবদলের আহ্বায়ক রফিক মিজি, সদস্য সচিব মেহেদী মল্লিক, পুরানবাজার কাঁচামাল ব্যাবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তফা মোল্লা, কাঁচামাল শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক মোঃ কাউছার দেওয়ান।

বক্তারা বলেন, মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের অনুপ্রেরণার দিন। পৃথিবীর সকল উন্নয়ন, অগ্রগতি ও উৎপাদনের পেছনে শ্রমিকদের ঘাম, পরিশ্রম ও ত্যাগ জড়িয়ে আছে। তাই শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, সামাজিক নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা সময়ের দাবি।

শ্রমিক নেতৃবৃন্দ বলেন, পুরানবাজার হলো চাঁদপুর জেলার প্রধান বাণিজ্যিক এলাকা। অথচ এখানে নদীর পাড়ে মালামাল লোড- আনলোড করার জন্য স্থায়ী কোন ঘাট নেই। ফলে নদী থেকে মালামাল লোড-আনলোড করতে গিয়ে অনেক শ্রমিক বিভিন্ন সময় আহত হয়। আমরা শ্রম-অধিদপ্তর থেকে আমরা কোনো সহযোগিতা পায় না। ডাক্তার থাকলেও কোন চিকিৎসা সেবা পাই না। কেউ আহত বা নিহত হলে কোন সহযোগিতা পাই না। এ বিষয়ে সরকার এবং সংশ্লিষ্ট দপ্তরের সুদৃষ্টি কামনা করছি।

-আশিক বিন রহিম/ ১ মে ২০২৬