চাঁদপুর জেলা বিএনপি নেতা আনোয়ার বাবলুর মৃত্যুতে মহাসচিবের শোক প্রকাশ

চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ (২৬ জুলাই) দলের সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়।

শোকবার্তায় মির্জা ফখরুল বলেন, “সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে আস্থাশীল মরহুম মাহবুব আনোয়ার বাবলু চাঁদপুর জেলা বিএনপিকে শক্তিশালী ও গতিশীল করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। এছাড়া বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রতিটি আন্দোলন সংগ্রামে তিনি যে সাহসিকতার পরিচয় দিয়েছেন তা স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সবসময় অনুপ্রাণিত করবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, মাহবুব আনোয়ারের মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তিনি মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

উল্লেখ্য, চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবুল শনিবার দিবাগত রাত প্রায় ১টার দিকে চাঁদপুর সদর হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

চাঁদপুর টাইমস ডেস্ক
২৬ জুলাই ২০২৬