চুল কাটার বিল ২৫০০ টাকা, চাঁদপুরে সেলুন মালিককে জরিমানা

চাঁদপুরে চুল কাটাতে আড়াই হাজার টাকা বিল করার অভিযোগে সিপি হেয়ার জোন নামে এক সেলুনকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১৯ আগস্ট) দুপুরে চাঁদপুর শহরের হাজী মহসিন রোড ও বাসস্ট্যান্ড এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এ জরিমানা করা হয়। এছাড়াও প্রতিষ্ঠানটিকে আগামীতে এই ধরনের অপরাধ না করা এবং সকল সেবার মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়।

অভিযানে জরিমানার আদেশ দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি জানান, চাঁদপুর শহরে সিপি হেয়ার জোনে এক ভোক্তার কাছ থেকে চুল কাটা, শেপ করা ও ফেসিয়ালের জন্য ২ হাজার ৫০০ টাকা বিল দাবি করা হয়। পরে তিনি ২ হাজার টাকা পরিশোধ করে সেলুন থেকে বেরিয়ে আসেন। বিষয়টি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নজরে এলে বুধবার অভিযান চালানো হয়।

এসময় সেলুনটিতে সেবার মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছে কি না এবং নির্ধারিত মূল্যের বাইরে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ যাচাই করা হয়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় সিপি হেয়ার জোনের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আব্দুল্লাহ আল ইমরান আরো জানান, কোনো সেবার মূল্য আগে থেকে নির্ধারিত ও দৃশ্যমানভাবে প্রদর্শন না করে ভোক্তার কাছ থেকে ইচ্ছেমতো মূল্য নেওয়া হলে তা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ। একই সঙ্গে সেবার মূল্য সম্পর্কে ভোক্তাদের আগে থেকেই অবহিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

অভিযান চলাকালে চাঁদপুর মডেল থানা পুলিশের একটি টিম সহায়তা করেন।

প্রতিবেদক: আশিক বিন রহিম,
১৯ আগস্ট ২০২৬